২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যতন সাহাকে নিয়ে অপপ্রচার: এক কলেজ শিক্ষক র‌্যাব হেফাজতে

অন্য একটি হত্যাকাণ্ডের ভিডিওকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বেগম বদরুন্নেছা সরকারি কলেজের সহকারি অধ্যাপক রুমা সরকারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2021, 05:31 PM

Updated : 02 Aug 2022, 06:29 PM

বুধবার দুপুরে এক বার্তায় র‌্যাব এ তথ্য জানায়। তবে তাকে কখন এবং কোথা থেকে আটক করা হয়েছে তা জানানো হয়নি বার্তায়।

জিজ্ঞাসাবাদের জন্য রুমা সরকার এখন র‌্যাব হেফাজতে রয়েছেন।

ওই কলেজ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজধানীর মিরপুরের পল্লবীর শাহীন নামে একজনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ভিডিওটি নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে প্রচার করেছেন। 

এর আগে মঙ্গলবার র‌্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দুর্গাপূজার সময় নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা-সহিংসতার মধ্যে যতন সাহার মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় ‘অপপ্রচার’ চলছে। স্বার্থান্বেষী একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে।

ওই দিন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুরের শাহীন নামে একজনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ভিডিওটি নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচার করা হয়। এটি কলকাতা থেকে আপলোড করা হয়।

দেবদৃতা ভৌমিক নামের একজন ফেইসবুকে এ ভিডিওটি আপলোডের পর ভারতীয় অপর একজন অন্যান্য অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।

একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

মঙ্গলবার র‌্যাব এ বিষয়ে এক বার্তায় জানিয়েছিল, এরূপ উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র‌্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি রয়েছে।

“সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গুজব ছড়ানো ও উস্কানিদাতাদের বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।”

আরও পড়ুন

যতন সাহার মৃত্যু নিয়ে ‘অপপ্রচার’ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী  

নোয়াখালীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর, ১৪৪ ধারা  

তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ  

রংপুরে জেলেপল্লীতে আগুন: সেই তরুণ আটক  

পল্লবীর সাহিনুদ্দিন হত্যার আরও ৩ আসামি রিমান্ডে