প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় এবি ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাস জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালতে দায়ের করা একটি মামলায় পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি প্রতারণার। গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।”
তবে মামলায় কী অভিযোগ করা হয়েছে সে ব্যপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এর আগে গত রোববার জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি দিয়ে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন আবেদন নাকচ কারাগারে পাঠিয়েছে আদালত।
ওই দুইজন হলেন- এবি ব্যাংকের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম ও ভিপি শহিদুল ইসলাম।
গত ৮ জুন দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
