বিশ্বের তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
বিশ্বের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়ার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে নিজ নিজ দেশ ও জনগণের জন্য নিয়েজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানাই, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।“
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন আবদুল হামিদ।
বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ যে সকল ক্ষেত্রে উন্নতি করছে, তার মূল কারণ হলো তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি তরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”
মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)।
২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।
মুজিবশতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে সরকার।
অনুষ্ঠানের সমাপনীতে উদ্ভাবন, পরিবেশ, মানবিকতা, খেলা-সংস্কৃতি-শিল্প এবং উদ্যোক্ত ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন (ভার্চুয়াল), ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।
