পরীমনি, রাজ, পিয়াসা, হেলেনাদের ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি
চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্নজনের নামে থাকা সাম্প্রতিক সময়ে আলোচিত ১৫টি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সরকারের এ তদন্ত সংস্থার প্রধান মাহবুবুর রহমান বলেছেন, আগামী ‘এক থেকে দেড় মাসের মধ্যে’ এসব মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
মঙ্গলবার দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "চিত্রনায়িকা পরীমনি, রাজ, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্নজনের বিরুদ্ধে ১৫টি মামলা সিআইডির তদন্তে আছে। মামলাগুলো এখনও তদন্তাধীন। তবে আমরা মামলার তদন্ত কাজ অনেকাংশে গুছিয়ে এনেছি। কিছু ফরেনসিক প্রতিবেদন এখনও বাকি আছে। সব হাতে এলে আমরা এক থেকে দেড় মাসের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়া শুরু করতে পারব।"
তিনি বলেন, এসব মামলার আসামিরা ছাড়াও তদন্তের প্রয়োজনে অনেককে ডেকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। আপাতত আর কাউকে ডাকার পরিকল্পনা তাদের নেই।
এক প্রশ্নের উত্তরে পুলিশের এই অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, "আসামিদের আর্থিক অপরাধ রয়েছে কি না, তার তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমরা তথ্য চেয়েছি। তবে তদন্তের প্রয়োজনে আমরা এখনই সব বলতে চাচ্ছি না।"
মাদক আইনের মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে শনিবার আদালত হয়ে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
তিনি বলেন, "প্রথমবার আমরা তাকে জিজ্ঞাসাবাদ করিনি। দিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছি। পরে কিন্তু তাকে আর রিমান্ড চাওয়া হয়নি। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া কিছু তথ্য মেলানোর প্রয়োজন ছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা তাকে আবারো রিমান্ডে চাই। সিআইডি তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে ভুলের ঊর্ধ্বে থাকতে চায়। তাই তদন্তের প্রয়োজনেই সব করা হচ্ছে।"
পরীমনি বা পিয়াসাদের বাসায় মদ বা মাদক রাখার বিষয়ে সিআইডি কী ধরনের তথ্য পেয়েছে প্রশ্ন করা হলে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান বলেন, "মাদক মামলার আলামত তো পজেশনেই পাওয়া গেছে। সেগুলো আদৌ মাদক কিনা তা জানতে কেমিকেল ও ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।"
চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদক আইনের মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হয়। ছবি: মাহমুদ জামান অভি
১৫ মামলার আসামিদের আর্থিক অপরাধের কী ধরনের তথ্য উপাত্ত মিলেছে প্রশ্ন করলে সিআইডি প্রধান বলেন, "তদন্তের এই পর্যায়ে আমরা মানি লন্ডারিং এর তথ্য উপাত্ত ইনকোয়ারি পর্যায়ে আছি। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে দুটি পর্যায়। একটি যাচাই বাছাই, আরেকটি ইনকোয়ারি। আমরা ইনকোয়ারি পর্যায়ে আছি। প্রায় ২২টি জায়গা থেকে রিপোর্ট পেতে হয়। সব রিপোর্ট হাতে পাওয়ার পর যদি মনে হয় মানি লন্ডারিং হয়েছে, তাহলে আমরা তদন্ত করব।"
আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীরকে গত ২৯ জুলাই তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করার পর তার বাসা থেকে বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব। পরে তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা হয়।
এ নিয়ে আলোচনার মধ্যেই ১ আগস্ট বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ফ্যাশন মডেল হিসেবে পরিচয় দেওয়া ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের বাড়ি থেকেও মদ ও মাদক উদ্ধারের কথা বলা হয়, দুজনের বিরুদ্ধে আলাদা মামলাও দায়ের করা হয়।
র্যাবের হাতে গ্রেপ্তার ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে শুক্রবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ছবি: প্রকাশ বিশ্বাস
কয়েক ঘণ্টা অভিযান শেষে পরীমনি এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে নিয়ে যায় র্যাব। এরপর অভিযান চলে বনানীতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে। সেখান থেকে রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে র্যাব আটক করে।
মিশু ও জিসানের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরীমনি ও রাজের বাড়িতে অভিযান চালানো হয় বলে কমান্ডার আল মঈন সেদিন জানান।
এরপর চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, বনানী থানায় দায়ের করা হয় মাদক আইনে দুটি মামলা। এছাড়া রাজ ও সজুজের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে আরেকটি মামলা করা হয়।
র্যাব করা জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘বিপুল পরিমাণ মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়। আর রাজের ফ্ল্যাট থেকে মদ ও ইয়াবার সঙ্গে ‘সেক্স টয়’ এবং একটি সাউন্ড বক্স জব্দ করার কথা বলা হয়।
