পদ্মায় দুর্ঘটনা এড়াতে ফেরিতে সেনা চান বিআইডব্লিউটিসি চেয়ারম্যান
কয়েক সপ্তাহের ব্যবধানে পদ্মা সেতুর দুটি খুঁটি আঘাতপ্রাপ্ত হওয়ায় ফেরিতে সেনাসদস্য মোতায়েনের প্রস্তাব জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।
সেনাবাহিনীর উদ্যোগে এক বৈঠতে অংশ নেওয়ার পর তিনি তার এই প্রস্তাবের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দেশের দীর্ঘতম এই সেতুর নিরাপত্তা নিয়ে আয়োজিত ওই বৈঠকে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার জাজিরায় একটি মিটিং হয়, সেনাবাহিনী ওই মিটিং এর হোস্ট ছিল।
“ফেরিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সদস্য থাকে। তাই অন্তত এই দুই মাস স্রোতের সময় যদি ফেরিতে অন্তত দুজন সেনাবাহিনীর সদস্য থাকে। তাহলে ভালো হয়।”
এনিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- প্রশ্নে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। ফেরিতে সেনাবাহিনীর সদস্য থাকবে কি না, সেটা সেনাবাহিনীর সিদ্ধান্ত। সিদ্ধান্ত তো আসবে সেনাসদর দপ্তর থেকে।”
তিন সপ্তাহের ব্যবধানে পদ্মা সেতুর দুটি খুঁটিতে দুটি ফেরি ধাক্কা লাগিয়েছে।
পদ্মা সেতুর এই পিয়ারে ধাক্কা খায় ফেরি ‘শাহজালাল’।
প্রথম ঘটনাটি মাস্টার ও সুকানির অসতর্কতায় হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। দ্বিতীয় ঘটনায়ও তদন্ত এখনও শেষ হয়নি।
দ্বিতীয় ঘটনার পর পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল বলেন,“ সেতুর পিলারে যাতে আর কোন ধরনের আঘাত না সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
সেতুর পিয়ারগুলো যাতে স্পষ্ট দেখা যায়, সেজন্য আলোকসজ্জা ও রবার রাখার বিষয়টি নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
“যেভাবে হোক পদ্মা সেতু রতো কোনো ক্ষতি করা যাবে না। এটা তো আমাদের প্রাণ “ বলেন তিনি।
পুরনো খবর
