২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা: জনপ্রতিনিধিদের অগ্রাধিকার দিতে চিঠি

করোনাভাইরাসের টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় নির্বাচিত ৬৭ হাজারের বেশি জনপ্রতিনিধিকে অর্ন্তভূক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 06:42 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব একেএম মিজানুর রহমানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিরা পাঁচস্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

“সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনাভাইরাস মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী কেনা ও বিতরণ, কোভিড-১৯ শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থাসহ সব পর্যায়ে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।”

চিঠিতে আরও বলা হয়, “এসব জনপ্রতিনিধির অনেকেই এখনও করোনাভাইরাসের টিকা নেননি। সেজন্য কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া প্রয়োজন।”

গত ২৬ জানুয়ারি থেকে সরকারের সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে।

বর্তমানে এতে ২৩টি ক্যাটাগরিতে নিবন্ধন করার সুযোগ রয়েছে। এই তালিকায় ১৩ নম্বরে আছে জনপ্রতিনিধিদের নাম।

আরও পড়ুন:

কোভিড টিকা: একদিনে ৬ লাখের বেশি নিবন্ধন  

বিদেশগামী কর্মীদের টিকার চূড়ান্ত নিবন্ধন শুরু  

কোভিড: বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করতে পারবেন  

টিকায় অগ্রাধিকার কাদের, সংসদে তথ্য দিলেন প্রধানমন্ত্রী