লকডাউনের ১৩তম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫৫২
কোভিড নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মধ্যে ঢাকার রাস্তায় বাড়তে থাকা জনসমাগমের মধ্যে ১৩তম দিনে ৫৫২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, সরকারি বিধিনিষেধ ভেঙে 'অপ্রয়োজনে' বের হওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পাশাপাশি ১১৯ জনকে দুই লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনে ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৯৬টি গাড়িকে ২৪ লাখ ৩৮হাজার টাকা জরিমানাও করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।
বিধিনিষেধের মধ্যে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এসব আদালতের অভিযানকালে লকডাউনে 'অপ্রয়োজনে' ঘরের বাইরে বের হওয়া এবং বিধিনিষেধ ভাঙার অভিযোগে জরিমানা করা হচ্ছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে পুলিশ ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় হাকিমের সামনে হাজির করছে।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
তবে মঙ্গলবার ঈদের আগে এই বিধিনিষেধ ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে।
এরপর ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত আবার কঠোর লকডাউনের সরকারি ঘোষণা এসেছে।
পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে।
আরও পড়ুন
