লকডাউনের দ্বাদশ দিনে ঢাকায় গ্রেপ্তার ৬০৪
করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের দ্বাদশ দিনে ঢাকায় ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিধিনিষেধের মধ্যে 'অপ্রয়োজনে' বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়।
সোমবার ৬০৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে বলে জানানো হয় বার্তায়।
গত ১ জুলাই লকডাউন শুরুর পর থেকে পুলিশ, বিজিবি, সেনা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছেন।
তবে সোমবার ঢাকা পথে মানুষের চলাচল আগের তুলনায় বেশি দেখা গেছে।
কোরবানির ঈদের সময় ১৫ থেকে ২২ জুলাই লকডাউন শিথিল থাকবে বলে ঘোষণাও এসেছে এদিন।
