২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেপ্তার দুজন রিমান্ড শেষে কারগারে

বিভ্রম সৃষ্টিকারী নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ ঢাকায় গ্রেপ্তার দুই যুবককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 12:40 AM

Updated : 07 Apr 2022, 11:21 PM

এই দুজন হলেন তাইফুর রশিদ জাহিন (২৩) ও নাগিব হাসান অর্নব (২৫)।

গত মঙ্গলবার হাতিরঝিল থেকে তাদের ধরেছিল র‌্যাব। পরদিনই হাতিরঝিল থানার মাদকের মামলায় তাদের একদিনের রিমান্ড দেয় আদালত।

শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম নিভানা খায়ের জেসি রিমান্ড শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ তাদের আদালতে হাজির করলে আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলামসহ কয়েকজন জামিন চেয়েছিলেন।

তাইফুর ও অর্নবকে গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছিল, তাদের কাছে বিদেশি মদ এবং কানাডায় তৈরি ‘ভিশন ডার্ক চকলেট’ বার পাওয়া গেছে। এই চকলেট বারে সাইলোসাইবিন রয়েছে।

বিভিন্ন ধরনের ছত্রাক দিয়ে তৈরি সাইলোসাইবিন সেবন অনেকটা এলএসডির মতো বিভ্রম সৃষ্টি করে। এটি ‘ম্যাজিক মাশরুম’ নামে পরিচিত বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

তাদের কাছ থেকে ‘ম্যাজিক মাশরুমের’ ৫টি বার উদ্ধার করা হয়। প্রত্যেক বারে রয়েছে ২৪টি করে স্লাইড। প্রতিটি বারে ‘ম্যাজিক মাশরুমের’ পরিমাণ ২ হাজার ৫০০ মিলিগ্রাম। প্রতিটি বার ২৫ হাজার টাকায় বিক্রি করা হতো।

সেসময় র‍্যাব জানায়, এই ড্রাগ ব্যবহারে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। এটা সেবনে কেউ ছাদ থেকেও ঝাঁপিয়ে পড়তে পারে। গ্রেপ্তার তাইফুর ‘ম্যাজিক মাশরুম’ সেবন করে নিজের হাত নিজেই ধারাল বস্তু দিয়ে কেটে ফেলেছিল।

ডার্ক ওয়েবে ‘ম্যাজিক মাশরুমের’ খোঁজ পাওয়ার পর তাইফুর বিদেশে অবস্থানরত তার বন্ধুদের তা দেশে আনার অনুরোধ জানান। কানাডায় থাকা বাল্যবন্ধু অর্নব তখন তাইফুরের প্রস্তাবে সাড়া দেন বলে জানিয়েছে র‍্যাব।

অর্নব বাংলাদেশে এসএসসি পর্যন্ত পড়াশোনার পর ২০১৪ সালে কানাডায় যান। সেখানে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন তিনি।

পুরনো খবর:

বিভ্রম সৃষ্টিকারী ‘ম্যাজিক মাশরুম’সহ দুজন র‌্যাবের হাতে গ্রেপ্তার