২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রম সৃষ্টিকারী ‘ম্যাজিক মাশরুম’সহ দুজন র‌্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকায় দুই যুবকের কাছে এক ধরনের চকলেট বার পাওয়া গেছে, যা মাদক হিসেবে ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 04:57 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

র‌্যাব-১০ এর একটি দল হাতিরঝিল এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নাগিব হাসান অর্নব (২৫) ও তাইফুর রশিদ জাহিন (২৩)।

বুধবার র‌্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছে মদও পাওয়া গেছে।

এই দুই যুবকের কাছে কানাডায় তৈরি ভিশন ডার্ক চকলেট বার পেয়েছে র‌্যাব, যাতে উপাদান হিসেবে সাইলোসাইবিন রয়েছে।

বিভিন্ন ধরনের ছত্রাক দিয়ে তৈরি সাইলোসাইবিন সেবন অনেকটা এলএসডির মতো বিভ্রম সৃষ্টি করে।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বলেন, “এটি হ্যালোসিনেশন ড্রাগ। কেক ও চকলেট মিক্স অবস্থায় সেবন করা হয়। পাউডার ক্যাপসুল হিসেবেও পাওয়া যায়।”

এটি ‘ম্যাজিক মাশরুম’ নামে পরিচিত বলে র‌্যাব জানায়। অনলাইন স্টোরে এটি বিক্রির সময় ক্রেতা প্রাপ্তবয়স্ক কি না, তা যাচাই করে দেখা হয়।

কমান্ডার মঈন বলেন, “এই ড্রাগ ব্যবহারে নিজেদের উপর নিয়ন্ত্রণ থাকে না। এটা সেবনে কেউ কেউ ছাদ থেকে ঝাঁপিয়েও পড়তে পারে।”

গ্রেপ্তার তাইফুর ‘ম্যাজিক মাশরুম’ সেবন করে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের হাত নিজেই ধারাল বস্তু দিয়ে কেটে ফেলেছিল বলে র‌্যাব জানিয়েছে।

মাদকসেবীদের নতুনত্বের প্রতি আগ্রহ থেকে ‘ম্যাজিক মাশরুম’ ব্যবহার হচ্ছে বলে র‌্যাব জানায়।

কমান্ডার মঈন বলেন, “তাইফুর রশিদ প্রথমে গাঁজা ও মদ্যপানে আসক্ত ছিল। এরপর সে ২০১৯ সালে ক্রমান্বয়ে এলএসডি, ডিএমটিসহ বিভিন্ন ধরনের সাইকেডেলিক ড্রাগ সেবন ও বিক্রি করা শুরু করে। ইন্টারনেট থেকে সেই সাইকেডেলিক ড্রাগের উপরে অনুসন্ধান শুরু করে। এভাবে সে ম্যাজিক মাশরুম সম্পর্কে অনলাইনে জানতে পারে।”

Image
দুই যুবকের কাছে কানাডায় তৈরি ভিশন ডার্ক চকলেট বার পেয়েছে র‌্যাব, যা অনেকটা এলএসডির মতো বিভ্রম সৃষ্টি করে।

দুই যুবকের কাছে কানাডায় তৈরি ভিশন ডার্ক চকলেট বার পেয়েছে র‌্যাব, যা অনেকটা এলএসডির মতো বিভ্রম সৃষ্টি করে।

ডার্ক ওয়েবে ‘ম্যাজিক মাশরুমের’ খোঁজ পাওয়ার পর তাইফুর বিদেশে অবস্থানরত তার বন্ধুদের তা দেশে আনার অনুরোধ জানায়।

কানাডায় থাকা বাল্যবন্ধু অর্নব তখন তাইফুরের প্রস্তাবে সাড়া দেন বলে র‌্যাব জানতে পেরেছে।

অর্নব বাংলাদেশে এসএসসি পর্যন্ত পড়াশোনার পর ২০১৪ সালে কানাডায় যান। সেখানে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন তিনি।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, তাইফুর দেশে ‘ম্যাজিক মাশরুম’ বিক্রির ব্যবস্থা করার কথা অর্নবকে জানান। এরপর গত মে মাসে অর্নব ম্যাজিক মাশরুমের একটি চালান দেশে নিয়ে আসেন।

কমান্ডার মঈন বলেন, “পরবর্তীতে তাইফুর ও অর্নব এই ম্যাজিক বারগুলি বিভিন্ন স্থানে বিক্রি করে।”

গ্রেপ্তারের সময় তাদের কাছে ম্যাজিক মাশরুমের ৫টি প্যাকেট পাওয়া যায় বলে র‌্যাব জানায়। প্রতিটি প্যাকেট ২৫ হাজার টাকায় বিক্রি করা হত বলে জানান মঈন।