২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসা ম্যানসনে অগ্নিকাণ্ড: মালিকসহ দু’জনের জামিন

পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় করা মামলায় হাজি মুসা ম্যানসনের মালিক মোস্তাক আহমেদ চিশতিসহ দু’জন জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 07:08 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পনের পর শুনানি শেষে তাদের জামিন দেন বিচারক।

জামিন পাওয়া অপর আসামি হলেন তারিকুজ্জামান।

উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী তৌফিকুল ইসলামসহ আরও কয়েকজন দুই আসামির পক্ষে জামিন শুনানি করেন।

আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন।

এর আগে রোববার এই মামলার অন্য আসামি আশরাফ হোসেন গাফফার, সাইদুল ইসলাম ও বাপ্পি একই আদালতে আত্নসমপর্ন করে জামিন পান।

এই মামলায় এজাহারে তালিকাভুক্ত আট আসামির মধ্যে এখনও একজন পলাতক রয়েছেন।

মুসা ম্যানসন: জ্বলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে গেলেন মৃত্যুর পথে

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: গুদাম মালিকের জামিন  

রোজার ঈদের আগে ১২ মে আরও দু’জন জামিন পেয়েছেন।

গত ২৩ এপ্রিল ভোরে আরমানিটোলায় ছয়তলা মুসা ম্যানসনের নিচতলায় রাসায়নিকের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে পাঁচজনের ‍মৃত্যু হয়।

ওই ঘটনায় মুসা ম্যানশনের মালিকসহ আটজনের নামে বংশাল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী শিকদার।

আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।

আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জুন দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহম্মেদসহ অন্যান্য রাসায়নিক পণ্যের ব্যবসায়ীরা ভবনের নিচতলায় দাহ্য পদার্থ ও রাসায়নিক সংরক্ষণের জন্য দোকান বা গোডাউন হিসেবে ভাড়া নিয়ে ‘তাচ্ছিল্যভাবে’ ব্যবহার করেন।

তাদের অবহেলায় এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে বলে অভিযোগ দায়ের করা হয়।