২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ এলাকায় দৃষ্টিনন্দন স্কুল চান সংসদীয় কমিটির সদস্যরা

নিজ নির্বাচনী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2021, 08:02 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

পাশাপাশি এসব বিদ্যালয়ে অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রধিকারও চান তারা।

বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১২তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

সংসদীয় কমিটি তার আগের বৈঠকে এ সুপারিশ করেছিল।

এ বিষয়ে মন্ত্রণালয় বলেছে, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন করাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব/আবেদন প্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার সুপারিশ করেন তারা।

যে সব পিটিআইয়ের কার্যক্রম প্রশিক্ষণার্থী না থাকায় বন্ধ হয়ে আছে তা চালু করাসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ সহজ করার জন্য সুপারিশ করা হয়। এছাড়া ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত গেজেটভুক্তির কার্যক্রম আরও গতিশীল করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।