স্ত্রীর করা মামলায় সাংবাদিক প্লাবনকে গ্রেপ্তারে পরোয়ানা
নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে স্ত্রীর করা মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করে দেন বিচারক।
এদিন প্লাবনসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোপত্র আমলে নেন বিচারক। মামলার অন্য আসামিরা হলেন- প্লাবনের বড় ভাই এম এ আজিজ, ছোট ভাই এস এম নিজাম, বাবা সামছুল হক ও মা রিজিয়া খাতুন।
প্লাবনের মা, বাবা ও দুই ভাই জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
প্লাবনের বিরুদ্ধে মামলাকারী সাজিদা ইসলাম পারুলও সমকালের একজন সাংবাদিক। প্লাবন কাজ করেন যুগান্তরে।
গত ১১ মে করা এই মামলায় বলা হয়েছে, গত ২ এপ্রিল প্লাবনের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের পর ‘যৌতুক’ হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন পারুলের কাছে। ‘অনৈতিক সম্পর্কে বাধা এবং যৌতুক না দেওয়ায়’ শারীরিক নির্যাতন শুরু হয় পারুলের ওপর। ‘মারধরের কারণে’ পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
এদিকে মামলা হওয়ার পর অভিযোগ অস্বীকার করে প্লাবন দাবি করেন, গত ৩০ এপ্রিল তিনি পারুলকে তালাকের নোটিস পাঠিয়েছেন।
গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ ঢাকা মহানগর হাকিম আদালতে প্লাবনসহ পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
