সাংবাদিকের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলা
রেজাউল করিম প্লাবন নামে একজন সাংবাদিকের বিরুদ্ধে যৌতুক দাবিতে শারীরিক নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী সাজিদা ইসলাম ওরফে পারুল আক্তার, যিনি নিজেও একজন সাংবাদিক।
হাতিরঝিল থানায় সোমবার সকালে তিনি এই মামলা দায়ের করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক কিছু করেছি এই স্বামীর জন্য, কিন্তু প্রতিদানে কী পেলাম নির্যাতন ছাড়া?
মামলায় পারুল অভিযোগ করেন, “পেশায় সাংবাদিক হওয়ায় প্রায়শই দেখা ও কথাবর্তা হত এবং সেই সূত্রে ঘনিষ্ঠতা হয়। সেই ঘনিষ্ঠতার পর তার আগ্রহ ও অনুনয়ের পেক্ষিতে আমাদের মধ্যে প্রণয় হয় এবং পরে ২ এপ্রিল রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ হয়।
“বিবাহের পর স্বামীর পিত্রালয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করলে প্লাবন তাদের বাড়িতে নিতে হলে তাকে একটি ফ্ল্যাট কিনে দিতে হবে, নয়ত ৫০ লাখ টাকা দিতে হবে বলে জানায়।”
পারুল অভিযোগে লিখেছেন, “প্রণয় থেকে বিয়ে হলেও বিয়ের পর তার এই চেহারা দেখে বুঝতে পারি, আগের ভালোবাসা সবই ছিল তার অভিনয়। প্রতারণা করেই আমাকে বিয়ে করেছে যৌতুকের লোভে।
“এছাড়া বিয়ের পর জানতে পারি, প্লাবনের বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে। তবু তাকে বোঝানোর চেষ্টা করা হয় এবং বলা হয়, যেহেতু দুজন দুজনকে ভালোবেসে বিবাহ করা হয়েছে এখানে পরিবারের পক্ষ থেকে যৌতুক দেওয়া হবে কেন?
যৌতুক দিতে রাজি না হওয়ায় প্লাবনের তার উপর শারীরিক নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে যায় বলে অভিযোগ করেন পারুল।
মামলায় তিনি লিখেছেন, “গত ২৯ এপ্রিল প্লাবন তার মা অসুস্থ বলে তাদের গ্রামের বাড়ি যেতে চায়। যেহেতু শাশুড়ি অসুস্থ্ আমিও যেতে চাই, কিন্তু এজন্যও প্লাবন আমাকে মারধর শুরু করে।
“আমার গর্ভে তার সন্তান রয়েছে এটা বলার পর আরও ক্ষিপ্ত হয়ে সেই দিন বেশি মারধর করে এবং পরে প্লাবন মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যায়।”
এরপরে তার শারীরিক অসুবিধা হচ্ছে বলে জানালেও প্লাবন ঢাকায় আসেননি বলে এজাহারে লিখেছেন পারুল।
“পরে অন্য সব সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্স যোগে অসুস্থ শাশুড়িকে দেখতে ৫ মে কুড়িগ্রামের চিলমারীতে যাই। শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর ও শাশুড়িকে সালাম করতে গেলে তারা দুজন পা সরিয়ে নেয় এবং শাশুড়ি জানায়, তার ছেলে যা (যৌতুক) চেয়েছে তা দিলে আমাকে মেনে নেবেন। এ ধরনের যৌতুকের প্রতিবাদ করায় শ্বশুর ও শাশুড়ি এবং তার দুই ছেলে আমাকে মারধর ও নির্যাতন শুরু করে।”
এ সময় তার সঙ্গে যাওয়া স্থানীয় তিনজন সাংবাদিক তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে লিখেছেন পারুল আক্তার।
“ঘটনার পর চিলমারী থানায় গেলে থানা পুলিশ ঢাকায় মামলা করার পরামর্শ দেন এবং ঢাকায় ফিরে আমি অসুস্থ হয়ে যাই এবং গর্ভের ভ্রুণটি নষ্ট হয়ে যায়।”
পারুলের অভিযোগে, “যৌতুকের দাবিতে স্বামীর উপর্যুপুরি নির্যাতন এবং মানাসিক অশান্তির কারণে আমার গর্ভের সন্তানটি নষ্ট হয়েছে।”
এ বিষয়ে বক্তব্যের জন্য বিকালে প্লাবনকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
পরে তিনি ফোন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ এপ্রিল পারুল আক্তারকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি।
পারুলের বিরুদ্ধে অভিযোগ তুলে প্লাবন বলেন, “শরীয়াহ মোতাবেক পূর্বে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে সেটা স্বামী-স্ত্রী উভয়কেই অবগত করতে হয়। কিন্তু বিয়ের পরে আমি জানতে পারলাম, আমার স্ত্রীর আগে আরও একটি বিবাহ হয়েছে এবং আমার সঙ্গে তার দ্বিতীয় বিবাহ। এছাড়া সারা রাত জেগে ফোনালাপ, অন্যের সঙ্গে সম্পর্ক ও উচ্ছৃঙ্খল জীবনযাপনসহ নানা কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি। এই বিষয়গুলো আমি তালাকের নোটিশেও উল্লেখ করেছি।”
তালাক নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পারুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আইনগতভাবে কিছু এখনও পাননি। হোয়াটস অ্যাপে তাকে একটি ‘ডিভোর্স লেটার’ পাঠানো হয়েছে। এটার কার্যকারিতা সম্পর্কে তিনি নিশ্চিত নন।
