২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডের ঘা শুকালেও মনের ক্ষত সারে না

রাতে দরজা-জানালা লাগিয়ে স্বামী নীলচান মণ্ডলের পাশে ছয় মাসের সন্তান স্নিগ্ধজিৎ মণ্ডলকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ সমাপ্তি বাড়ৈ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেহেদী হাসান পিয়াস ও কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 11:44 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

পারিবারিক কলহের জেরে মধ্যরাতে ঘুমন্ত পুত্রবধূর গায়ে এসিড ছুড়ে মারেন শাশুড়ি গীতা মণ্ডল। মা সমাপ্তির সঙ্গে তরল আগুনে পুড়ে যায় শিশু স্নিগ্ধজিতের কোমল শরীর, মাথা ও মুখের চামড়া। 

মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে এই ঘটনা ঘটেছিল গত বছর ২৯ এপ্রিল। পারিবারিক-সামাজিক কারণে এই অপরাধ করেও পার পেয়ে যান শাশুড়ি গীতা মণ্ডল; কোনো শাস্তিই ভোগ করতে হয়নি তাকে।

পুত্রবধূ সমাপ্তি শরীরে জ্বালা-পোড়ার যন্ত্রণা নিয়েই সংসার করে চলেছেন। কেউ বাঁচার আশা না করলেও পোড়া মাথা-মুখের চামড়া নিয়ে বেড়ে উঠছে স্নিগ্ধজিৎ।

নিজের ঝলসানো শরীর মেনে নিলেও সন্তানের দিকে তাকালে দিশেহারা হয়ে ওঠেন মা সমাপ্তি বাড়ৈ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার যা হবার হয়েছে। গায়ে জ্বালা-যন্ত্রণা হয়। তার চেয়েও বড় যন্ত্রণা হয় যখন আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করি। আমরা গরিব মানুষ, পড়ালেখা করাইতে না পারলে কাজ করেও তো খেতে পারবে না।”

প্রায় দুই দশক আগে, ২০০২ সালে এসিড সন্ত্রাসের উল্লম্ফন নাড়া দিয়েছিল সারা দেশকে। এরপর আন্দোলন, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আইনের কড়াকড়িতে নেমে আসতে থাকে ঘটনার সংখ্যা।

তারপরেও এই নিষ্ঠুরতা ঘটে চলেছে, যার প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশু। তবে সমাপ্তি ও তার সন্তান স্নিগ্ধজিতের মতো বিচার পাচ্ছেন না তাদের অনেকে।

এসিড হামলার চিত্র

এসিড সহিংসতার বিরুদ্ধে কাজ করা এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) নিজেদের মনিটরিং সেল, সংবাদ মাধ্যম, বিভিন্ন এনজিও ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৯৯৯ সাল থেকে এই অপরাধমূলক ঘটনার পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে।

তাদের ওয়েবসাইটে দেখা যায়, ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৪২২টি এসিড হামলার ঘটনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০২ জন।

গত বছর যেখানে ১৯টি এসিড নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয়েছিলেন ২১ জন, সেখানে চলতি বছরে এই ১০ মাসেই ২০টি এসিড সহিংসতায় আক্রান্ত হয়েছেন ২৩ জন।

এসব ঘটনায় ভুক্তভোগী দুইজন পুরুষও আছেন; তবে বাকি ২১ জনই নারী।

এসিড সারভাইভারস ফাউন্ডেশনের বিশ্লেষণ থেকে জানা যায়, এসিড সহিংসতার শিকার ৯৯ শতাংশ নারী হলেও গত কয়েক বছরে পুরুষও আক্রান্ত হচ্ছেন।

এছাড়া মোট ভুক্তভোগীর এক চতুর্থাংশ শিশু; ঘটনায় সময় মায়ের কোলে বা কাছাকাছি থাকায় এ ধরনের সহিংসতার শিকার হয়েছে তারাও।

যারা এসিড সহিংসতার শিকার হচ্ছেন তাদের বেশিরভাগের বয়সই ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিবারিক কলহ, যৌতুক, জমি সংক্রান্ত বিরোধ, বিয়ে বা প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান, মামলা প্রত্যাহারে রাজি না হওয়া, স্বামীকে তালাক এবং স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ার কারণে বরাবরই নারীরা এ ধরনের সহিংসতার শিকার হন বলে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ভাষ্য।

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের ওয়েবসাইটে এ বছরের পরিসংখ্যান বলছে, যৌন সম্পর্কে রাজি না হলেও নারীকে জব্দ করতে এসিড নিক্ষেপ করা হয়।

নব্বইয়ের দশক ও এর কিছু পরে আন্দোলনের কারণে বর্তমানে এসিড নিক্ষেপের ঘটনা কমে এসেছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক অদিতি সবুর।

তবে হালের পরিসংখ্যানে এসিড হামলার সংখ্যা বাড়ার প্রবণতাও গুরুত্বে রেখেছেন তিনি।

এ বিষয়ে অদিতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার যেটা মনে হয়, সামগ্রিকভাবে এই বছরটিতে অপরাধ বেড়েছে। নারীর প্রতি পারিবারিক সহিংসতা, ধর্ষণ বা যৌন নির্যাতনের মাত্রা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে।

“আমি মনে করি, এর সাথে করোনাভাইরাস মহামারীর একটা প্রভাব আছে। এই সময়টা পরিবার-সমাজে নারী ও পুরুষের মধ্যে অসমতাকে অনেক বেশি স্পষ্ট করেছে। নারী-পুরুষের সম্পর্কের অসমতাকেও স্পষ্ট করেছে।”

তবে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি এই আক্রমণ বেড়ে যাওয়ার জন্য মহামারী পরিস্থিতিকে আলাদা করে দায়ী করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান।

বরং এসিড সহিংতার বাড়ার জন্য রাজনীতিতে ‘অপরাধীদের’ প্রভাবশালী হওয়ার ভূমিকা রয়েছে বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাজের বিশেষ বিশেষ ক্ষেত্রে অপরাধ প্রবণতার বৃদ্ধি অনেক দিন থেকেই কিন্তু আমরা লক্ষ করছি। যেহেতু আমাদের রাজনীতিতে এক ধরনের অপরাধীকীকরণ ঘটেছে, এর প্রভাব অপরাপর অপরাধকেও বাড়িয়ে তুলছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান এসিড হামলার পরিসংখ্যানকে দেখছেন ভিন্নভাবে।

অন্য অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় এসিড সংক্রান্ত অপরাধ আড়ালে পড়ছে বলে মনে করছেন তিনি।

“বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের ওয়েভ আসে। এখন প্রতিনিয়ত যেসব অপরাধ হচ্ছে, সেসব অপরাধের কারণে হয়ত এসিড সহিংসতা বা সন্ত্রাস কিছুটা আড়াল হয়ে থাকতে পারে,” বলেন এই অধ্যাপক।

ধর্ষণের বিচার চাওয়ায় এসিড নিক্ষেপ: মামলা দায়ের  

এসিড নিক্ষেপের দায়ে ১৪ বছর কারাদণ্ড  

কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের দায়ে ৪ জনের সাজা  

ঝুলে থাকা মামলা

উচ্চ আদালত ও বিচারিক আদালত মিলিয়ে এসিড সহিংসতার প্রায় ৬০০ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তাহমিনা ইসলাম।

২০০২ সালে এক বছরেই ৪৯৪টি এসিড সহিংসতার ঘটনা রেকর্ড করেছিল সংস্থাটি। এর ১৮ বছর পর চলতি বছরে এখন পর্যন্ত ২১টি ঘটনা রেকর্ড করেছে তারা।

তবে আইন ও সালিশ কেন্দ্রের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছর ২১টি ঘটনার মধ্যে মোটে ৫টি ঘটনায় মামলা হয়েছে; এসিড নিক্ষেপের ঘটনা ঘটলেও মামলার তথ্য পাওয়া যায়নি ১৬টি ঘটনায়।

গত দুই দশকের মধ্যে ২০০২ সালে এসিড হামলার ঘটনা ছিল সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হতে ওই বছরই এসিড অপরাধ দমন আইন করে সরকার।

আইন অনুযায়ী এসিড সংক্রান্ত অপরাধের বিচার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে হয়ে থাকে; আর এই বিচার প্রক্রিয়া শেষ হতে হবে ৯০ কর্মদিবসের মধ্যে।

এই আইনের ১৬ ধারায় বলা আছে, ট্রাইব্যুনালে কোনো মামলার শুনানি শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে টানা চলে এর বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।

এসিড অপরাধ দমন আইনে এ ধরনের সহিংসতার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

২০০২ সাল থেকে গত বছর পর্যন্ত এসিড সন্ত্রাসের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ২ হাজার ১৬৯টি। এর মধ্যে মোটে ১৯৯টি মামলায় আসামিদের সাজা হয়েছে বলে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের তথ্য।

তাদের তথ্য মতে, এডিস হামলার মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়ে গেছেন ১ হাজার ৯৫০ জন আসামি।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসিড নিক্ষেপের মামলায় গত ১৮ বছরে (২০০২ সালে এসিড অপরাধ দমন আইন প্রণয়নের পর) ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কারও সাজাই কার্যকর হয়নি।

এসিড হামলা মামলায় মৃত্যুদণ্ড দিল মুম্বাই আদালত  

তানিয়া কি বিচার পাবে?

জমি ও পাওনা টাকা চাওয়ায় নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরা গ্রামের তানিয়া জামানকে (২৮) এসিডে ঝলসে দেয় দুর্বৃত্তরা।

তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় বছর আগে প্রতিবেশী জুয়েল মোল্যা ধানের বিছালীর ব্যবসা এবং ঘের কেনার কথা বলে তার কাছ থেকে ‘১৫ লাখ টাকা’ ধার নেন। এনজিও ঋণ, গহনা বন্ধক এবং স্বামীর কাছ থেকে নিয়ে  এই টাকা দিয়েছিলেন তিনি।

সে কারণে গত ১৩ অগাস্ট নড়াইল সদর থানায় একটি জিডি করে যশোরের শংকরপাশা গ্রামে স্বামীর বাড়িতে চলে যান তানিয়া।  পরে গ্রাম্য সালিশে মীমাংসার কথা ওঠায় ১৬ অগাস্ট তিনি তার বাবার বাড়িতে আসেন।

“পরদিন রাত ৮টার পর রাতের খাবার খেয়ে চাচাত ভাই জিন্নাহ মোল্লার বাড়িতে যাওয়ার সময় পথে জুয়েল ও তার সহযোগী অহিদুর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।”

এরপর প্রথমে তানিয়াকে নড়াইল সদর হাসপাতাল এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় পরের দিনই অর্থাৎ ১৮ অগাস্ট জুয়েল (৪০), অহিদুল ইসলাম (৬২) ও বিপ্লব মোল্যাকে (৫০) আটক করে নড়াইলের সদর থানার পুরিশ।

তানিয়া জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাঁ হাতটা প্রায় অচল হয়ে গেছে পুড়ে। একটুও শক্তি পাই না। ঘুমাইতে পারি না। সারা রাত বসে কাটাই। ভয়ে আছি ভাই। যেদিন এসিড ছুঁড়ে মারল তার পরের দিনই আসামিরা ধরা পড়েছিল।

“কিন্তু ছয় দিনের মাথায় জামিনে ছাড়া পায়া গেছে। চার্জশিট না দেওয়া জামিন দিয়েছে। দারোগা টাকা খেয়ে চার্জশিট দিচ্ছে না। আর ওরা আমারে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আমি নড়াইলে যাইতে পারি না। যশোরে এক আত্মীয়ের বাড়িতে আছি। শরীরের ঘা নিয়ে চিকিৎসা না করিয়ে এভাবে থাকা যায় বলেন? আমি কি এর বিচার পাব না?”

Image
ছবি: এসিড সারভাইভারস ফাউন্ডেশন

ছবি: এসিড সারভাইভারস ফাউন্ডেশন

 

এসিড বিক্রিতে মানা হয় না বিধি-নিষেধ

২০০২ সালে করা এসিড নিয়ন্ত্রণ আইনের একটি উদ্দেশ্য ছিল, এসিডের অবাধ কেনাবেচা নিয়ন্ত্রণ। তবে এখনও এসিড হামলার ঘটনা সেই লক্ষ্য অর্জনের অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে।

এসিড বিক্রিতে যেসব নিয়ম-নীতি অনুসরণ করতে হয় সেগুলো সব সময় মানা হয় না, ফলে অনেক অনিরাপদ হাতে চলে যায় দাহ্য এই তরল।

বিভিন্ন সময় পুরান ঢাকার এসিডের দোকান ও গুদামগুলোতে র‌্যাবের অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স ছাড়া অনেকের কাছে এসিড বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। আবার ব্যবসায়ীদের গুদামে মজুদ ও বিক্রির খাতার হিসাবে গরমিল রয়েছে।”

যে কেউই সেখানে গিয়ে এসিড কিনতে পারেন, তা পুরান ঢাকার মিটফোর্ডের এক ব্যবসায়ীর কথায় স্পষ্ট।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে সাধারণ মানুষ যতটুকু এসিড পায় তা আমাদের ব্যবসায়ীদের লোভের কারণে পায়। আমরা যদি বিক্রি করার ক্ষেত্রে আরেকটু শক্ত ও সতর্ক হই তাহলে বছরে এখন যে ২০-২১টি ঘটনা ঘটে, তাও ঘটত না।”

তিনি বলেন, “কেউ যদি ২০০ টাকা বেশি দিয়ে অল্প একটু এসিড নিতে চায় তাহলে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু দিয়ে দেয়।

“এটা ঠিক নয়। এখানে প্রত্যেকটা দোকানদার কার কার কাছে এসিড বিক্রি করেছে তা লিপিবদ্ধ রাখা প্রয়োজন। তাহলে এসিড সন্ত্রাস আরও কমে যাবে।”

এসিড বিক্রিতে নিয়ম লংঘনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ির ব্যাটারি, আইপিএস সমস্ত কিছুতে এসিড রয়েছে সুতরাং…। তাছাড়া সালফিউরিক এসিড ইজ দা মাদার অফ অল কেমিক্যালস। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ এমনকি টুথপেস্টে সবখানে এসিডের প্রয়োজন।”

তিনি জানান, সারা দেশে তাদের সমিতির অধীনে প্রায় ২৬ হাজার এসিড ব্যবসায়ী আছেন, যাদের সবার লাইসেন্স রয়েছে।

শক্ত নীতিমালার কারণে অনেকে এসিড বিক্রি করতে পারছেন না বলেও অভিযোগ করেন মোহাম্মদ উল্লাহ।

এসিডের সহজলভ্যতা নয়, মানসিকতাই হামলার জন্য দায়ী মন্তব্য করে এই ব্যবসায়ী বলেন, “আগে বাংলাদেশে মোট অপরাধের ৩ শতাংশ এসিড সন্ত্রাসের ঘটনা ঘটত, সেখানে বর্তমানে শূন্য দশমিক ৩ শতাংশ ঘটনা ঘটে। এটা অন্যান্য অপরাধের তুলনায় এবং বাংলাদেশের জনসংখ্যার তুলনায় খুবই নগন্য।”

সভাই হয় না এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের

এসিড নিয়ন্ত্রণ আইনে এর উদ্দেশ্য পূরণে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাউন্সিলের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কো-চেয়ারম্যান হলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

এসিডের উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ, এসিডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও আইনগত সহায়তা নিয়ে তিন মাসে অন্তত একবার সভা করার কথা রয়েছে এই কাউন্সিলের। অথচ এ বছর জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের কোনো সভাই হয়নি।

বাংলাদেশের এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ এই কাউন্সিলের একজন সদস্য।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসাদুজ্জামান খাঁন কামাল সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এ পর্যন্ত মোটে দুইটা মিটিং হয়েছে। তাছাড়া বেনজীর আহমেদ পুলিশ প্রধান হওয়ার পর কাউন্সিলের কোনো সভা হয়নি।”

সভা না হওয়ার কারণ সম্পর্কে নিজের ধারণা তুলে ধরে এসিড ব্যবসায়ীদের সংগঠনের এই নেতা বলেন, “১৯৮৮ সালে অন্যান্য অপরাধের তুলনায় এসিড সন্ত্রাস যেখানে ছিল ৫ শতাংশ, পরে সেটা ৩ শতাংশে নেমে আসে। এখন শূন্য দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, যা অন্যান্য অপরাধের তুলনায় খুবই নগণ্য। এ কারণেই হয়ত সভা করার প্রয়োজন পড়ে না।”

এ নিয়ে অসন্তোষ জানিয়ে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেন বলেন, “আমার যেটা মনে হচ্ছে, এক ধরনের আত্মতুষ্টি পেয়ে বসেছে আমাদের। সবারই একটা গা ছাড়া ভাব। সরকারের জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভাটা নিয়মিত হচ্ছে না।”

সভা কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি রিফর্ম হয়েছে। আর প্রায় নয় মাস হয়ে গেল কোভিড-১৯। এ কারণে সভাও ডাকা যাচ্ছে না। তবে আমরা সজাগ রয়েছি।”

তিনি বলেন, “এসিড নিয়ে এখন অভিযোগ কম আসছে। এ ধরনের ক্রাইম অনেক কমে গেছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। অন্যদিকে এ সংক্রান্ত একটি ফান্ড আছে, কিন্তু ভিকটিম ফান্ড চান না।”

তবে এখন এসিড হামলা শূন্যের কোটায় নিয়ে আসতে আরও প্রচেষ্টা দরকার বলে মনে করছেন সরদার জাহাঙ্গীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ বছরে এসিড সহিংসতা ৯৬ শতাংশ কমেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো দিক এবং উল্লেখযোগ্য অগ্রগতি। তবে আমরা একে শূন্যের কোটায় নিয়ে আসতে চাই। তার জন্য দরকার সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্টা।”

নারীর প্রতি এই সহিংসতা নির্মূলে বিচারে দীর্ঘসূত্রতা ও মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অদিতি সবুর।

“নারীর প্রতি সহিংসতা, সন্ত্রাস বন্ধ করতে হলে আইন-কৌশল প্রণয়নের পাশাপাশি সামাজিক মানসিকতার পরিবর্তন আনতে হবে। নইলে কমে আসা সহিংসতা কোনো কোনো সময় বেড়েও যেতে পারে,” বলেন তিনি।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার]

আরও পড়ুন

এসিড মামলায় বিচারপতির ছেলের জামিন  

এসিড হামলা, ৩ মাসেও আসামি গ্রেপ্তার নেই   

ভোলায় স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ৪  

রংপুরে ছাত্রীকে এসিড নিক্ষেপ: মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার  

চট্টগ্রামে মা-মেয়েকে এসিড নিক্ষেপের স্বীকারোক্তি  

সিরাজগঞ্জে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ  

‘মেয়ে হবে জেনে’ অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপ  

মারা গেল ভোলার এসিড দগ্ধ মালা  

হবিগঞ্জে ঘুমন্ত ২ বোনের ওপর এসিড নিক্ষেপ