২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলায় বিচারপতির ছেলের জামিন

এসিড নিক্ষেপের মামলায় জামিন পেয়েছেন হাইকোর্টের বিচারপতি সালমা মাসউদ চৌধুরীর ছেলে সাফায়াত আহাম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের মামলায় জামিন পেয়েছেন হাইকোর্টের বিচারপতি সালমা মাসউদ চৌধুরীর ছেলে সাফায়াত আহাম্মেদ। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া শুনানি শেষে এক লাখ টাকা মুচলেকায় তাকে জামিন দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রথম এসিড নিক্ষেপ মামলায় কোনো আসামি জামিন পেলেন। জামিন পাওয়ার পরপরই দ্রুত আদেশের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে সন্ধ্যার পর বারডেম হাসপাতাল থেকে সাফায়াতকে মুক্তি দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও আইনজীবী এহসানুল হক সমাজী আসামি পক্ষে জামিনের শুনানি করেন। গত ২৯ সেপ্টেম্বর সাফায়াত আহাম্মেদকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। ওইদিনই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে একদিন পর তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু ওইদিনই কারা তত্ত্বাবধানে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের ছেলে সাবরি-ই জামান গত ৫ অগাস্ট গুলশানের আগোরা গলির এরিকসন অফিসের সামনে এসিড হামলার শিকার হন। এসিডে তার মাথা, পেট ও মুখ ঝলসে যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলার পর বিচারপতি সালমা মাসউদ চৌধুরীর সরকারি গাড়ির চালক শাহিন ও জাহিদ হাসান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর এ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাফায়াত আহম্মেদের পরিকল্পনা অনুযায়ী তারা ওই এসিড হামলা চালান বলে স্বীকার করেন। এরপর পুলিশ সাফায়াতকে গ্রেপ্তার করে। এসিড অপরাধ দমন আইন-২০০২ এর ১৫ ধারা অনুযায়ী, শুধুমাত্র বৃদ্ধ, শিশু, মহিলা ও অসুস্থ ব্যক্তিকে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল জামিন দিতে পারে। বাদী পক্ষের আইনজীবী আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসিড নিক্ষপ মামলায় ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ার নেই। শুধুমাত্র ট্রাইব্যুনালকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী দাবি করেন, ট্রাইব্যুনাল জামিন দিতে পারবে বলে আইনে উল্লেখ আছে। তবে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবেন না, এটি আইনের কোথাও উল্লেখ নেই। এ মামলার বাদি আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচার পাবেন কি না তা নিয়ে শংকিত তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩২০ ঘ.