২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাত্রীকে এসিড নিক্ষেপ: মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 04:12 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

গ্রেপ্তার আশরাফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা গ্রামের মোস্তাফিজার রহমান মোস্তার ছেলে এবং ভেণ্ডাবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আশরাফুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

“থানায় এনে জিজ্ঞাসাবাদে নিক্ষেপের কথা স্বীকার করেছে সে।”  

আশরাফুলের জবানবন্দির বরাত দিয়ে ওসি বলেন, “একই মাদ্রাসায় পড়ুয়া মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় আশরাফুল। মেয়েটি তা প্রত্যাখ্যান করায় তাকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত সে। সেইসঙ্গে এসিড নিক্ষেপের হুমকি দেয়।

“বুধবার রাতে মেয়েটি যখন তার ঘরে জানালার পাশে বসে পড়ছিল; তখন এক সহযোগীকে নিয়ে তার গায়ে এসিড ছুড়ে মারে।”  

মেয়েটির বাবা বাদী হয়ে আশরাফুলকে আসামি করে মামলা করেছেন বলেও জানান ওসি হুমায়ুন।

মেয়েটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক আজমল হোসেন বলেন, “এসিডে মেয়েটির মুখসহ শরীরের ডান অংশ কিছুটা পুড়ে গেছে। তবে তা গুরুতর নয়।”