২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের বিচার চাওয়ায় এসিড নিক্ষেপ: মামলা দায়ের

নোয়াখালীতে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করার পর এক ব্যক্তিকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 04:42 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, আহত নাছির উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

আহত নাছির উদ্দিন জেলার সুবর্ণচর উপজেলার চরবাগ্যা গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ভুক্তভোগী পাঁচ পরিবার আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন নাছির উদ্দিন।

এরপর স্থানীয় জয়নালের আবেদীন নাছিরের পরিবারকে হুমকি দেয়।রাতে বাড়ি গেলে দুর্বৃত্তরা নাছিরকে এসিড নিক্ষেপ করে বলে পরিবারের অভিযোগ।

এসিডে নাছিরের শরীরের প্রায় নয় শতাংশ ঝলসে গেছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্লাহ জানিয়েছেন।

জয়নালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২ মে এক নারী গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে আদালতে মামলা করেন নাছির।

এদিকে মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন নাছির উদ্দিনকে দেখতে গিয়ে সাংবাদিকদেরকে বলেন, এসিড নিক্ষেপের  ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।জড়িতদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ পুলিশ কর্মকর্তা বলেন, তাদের নিরাপত্তাহীনতার কিছু নেই। পুলিশ তাদের পাশে আছে।

পুরনো খবর:

নোয়াখালীতে ধর্ষণের বিচার চাওয়ায় এসিড মারার অভিযোগ