কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের দায়ে ৪ জনের সাজা
কুষ্টিয়ায় কলেজছাত্রীসহ পরিবারের তিন সদস্যকে এসিডে ঝলসে দেওয়ার অপরাধে একজনকে ১৪ বছর ও আরও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সোমবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া প্রধান আসামিকে ৫০ হাজার আর অন্য তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
১৪ বছরের সাজাপ্রাপ্ত রাজীব মিয়া (২২) কুষ্টিয়া সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ আলীর ছেলে।
সাত বছর করে সাজা দেওয়া হয়েছে একই গ্রামের আশরাফুলের ছেলে রতন (২০), গোপালপুর গ্রামের এবাদত আলীর ছেলে আলমগীর (২৭) ও আমজাদ মোল্লার ছেলে জহুরুল ইসলাম বাবু (২৭)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও চার আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।
জেলার জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে বলেন, সদর উপজেলার গোপালপুর গ্রামের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার সময় রাজিব উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৪ সালের ৫ জুলাই গভীর রাতে রাজিব ও তার তিন সঙ্গী ছাত্রীর বাড়ি গিয়ে জানালার ফাঁক দিয়ে এসিড নিক্ষেপ করেন। এতে একই বিছানায় ঘুমন্ত ছাত্রী, তার ছোট ভাই ও ফুফু দগ্ধ হন।
এ ঘটনায় ছাত্রীর বাবা আটজনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরেরই ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি অনুপ বলেন, শুনানি শেষে আদালত উপযুক্ত রায় ঘোষণা করেছে।
