২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের দায়ে ১৪ বছর কারাদণ্ড

সিলেটে কলেজছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 04:48 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন বলে পিপি মফুর আলী জানান।

দণ্ডপ্রাপ্ত লায়েক আহমদ (২৮) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তবারক আলীর ছেলে।

মামলার নথির বরাত দিয়ে পিপি মফুর আলী জানান, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বিরাহিমপুর গ্রামের তৈমুছ আলীর মেয়ে এবং নুরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী লাকি বেগমকে এসিড নিক্ষেপ করেন লায়েক।

ঘটনার পরদিন তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিকদার ২০১২ সালের ৯ এপ্রিল লায়েক আহমদের নামে অভিযোগপত্র দেন।

এ মামলার ১৫ সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন বলে জানান পিপি।