২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের শেষ দিকে ইভিএমে পৌর নির্বাচন শুরুর প্রস্তুতি

করোনাভাইরাস মহামারীর মধ্যেই ডিসেম্বরের শেষ দিকে পৌরসভা নির্বাচন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার বিকোলে কমিশন সভা শেষে এ সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, “ডিসেম্বরের শেষ নাগাদ ভোট করার প্রস্তুতি আমাদের আছে। জানুয়ারি মাসের মধ্যে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো আমরা করে ফেলব হয়ত ডিসেম্বরের শেষের দিকে।”

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।

এবার তিন শতাধিক পৌরসভার ভোট মে মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়ে সিইসি বলেন, তারা ইভিএমে এই ভোট করতে চান।

“ডিসেম্বরের শেষ দিকে অন্তত ২০টি পৌরসভার নির্বাচন শুরু করা হতে পারে। সব পৌরসভার ভোট ধাপে ধাপে হওয়া ভালো। এটা এখনও ঠিক করিনি; গোটা পাঁচেক ধাপ লাগবে। ইভিএমে ভোট করতে সুবিধার জন্যে ধাপে ধাপে করা হবে।”

২০২১ সালের প্রথম দিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে হবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার ইসির ৭২তম সভার আলোচ্যসূচির প্রধান বিষয় ছিল পৌরসভা নির্বাচনের প্রস্তুতি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররাও সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

মহামারীর কারণে পৌরসভার ভোট পেছাবে না: ইসি