২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যা মামলায় আরেক হাকিমের সাক্ষ্যগ্রহণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2020, 06:32 PM

Updated : 10 Oct 2022, 07:29 PM

তিনি আসামি অনীক সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন।

সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন হাকিম আতিক।

জবানবন্দি দেওয়ার পর অনীক সরকারের আইনজীবী মাহবুব আহমেদ জেরা করেন হাকিম আতিককে।

জেরায় প্রশ্ন করা হয়, “আপনি ইন্সপেক্টর (তদন্ত কর্মকর্তা) ওয়াহিদুজ্জামানের ১৬১ ধারায় গ্রহণ করা জবানবন্দি, যা অনীক সরকারকে মারপিটের মাধ্যমে জোর করে স্বাক্ষর করা হয়েছিল, সেটিই হবুহু ১৬৪ ধারার জবানবন্দি হিসাবে চালিয়ে দিয়েছেন।”

এর উত্তরে সাক্ষী আতিক বলেন, “এটা সত্য নয়।”

আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী আরও তিনজন হাকিম এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।

সোমবার হাকিম আতিক ছাড়াও বুয়েটের মেসবয় মো. ফরিদ নামে আরও একজন সাক্ষ্য দেন।

তাদের সাক্ষ্যগ্রহণের পর আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেন ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর।

মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহর জবানবন্দির মধ্য দিয়ে আলোচিত এই মামলায় গত ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬০।

আবরার ফাহাদ হত্যা: ২৫ আসামির বিচার শুরুর আদেশ

অশ্রুচোখে ন্যায়বিচার চাইলেন আবরারের বাবা  

আবরারের হলের ক্যান্টিন বয়ের মুখে ঘটনার বর্ণনা  

আবরারের লাশ হল থেকে সরাতে চাপ দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা রাসেল: চিকিৎসক  

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে।

আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।