২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক বাণিজ্যে দুর্নীতির বিষয়ে সতর্ক করল টিআইবি

বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সহযোগী দেশগুলোতে ‘বৈদেশিক বাণিজ্যে ঘুষ লেনদেন’ প্রবণতার বিষয়ে সরকারকে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 01:26 AM

Updated : 18 Aug 2022, 03:54 PM

জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সম্প্রতি বার্লিনে এক অনুষ্ঠানে বৈদেশিক বাণিজ্যে দুর্নীতি ও ঘুষ লেনদেনের বিষয়ে ‘দুর্নীতি রপ্তানি’ শীর্ষক এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।

এর পরই মঙ্গলবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে এবিষয়ে সরকারকে সতর্ক করা হয়।

এতে বলা হয়, বিদেশে ঘুষ লেনদেনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সহযোগীদের মধ্যে শীর্ষস্থানীয় দেশগুলো অব্যাহত ও হতাশাজনক ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচারসহ নানা ধরনের ক্ষতির ঝুঁকির বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি বৈদেশিক বাণিজ্য সহযোগী রাষ্ট্রগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার, নিজস্ব আইন ও তার প্রয়োগ শক্তিশালী করার আহ্বান জানায় সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলো বিদেশে ঘুষ লেনদেন বন্ধের বিষয়ে তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ব্যর্থ দেশগুলোর তালিকায় চীন, জাপান, ভারত, হংকং, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, কানাডা ও মেক্সিকোর মতো দেশ রয়েছে।

“এরা আবার বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ সহযোগী। তাই বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার, বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থা ও অন্যান্য অংশীজনদের সতর্ক করছি।”

প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে আইন প্রয়োগের বিষয়ে জি-২০ এর অন্তর্ভুক্ত দেশগুলোর অর্ধেকই আশংকাজনকভাবে দুর্বল অবস্থানে রয়েছে। এটি প্রমাণ করে যে, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে খুব স্বল্পসংখ্যকই বিদেশে ঘুষ লেনদেনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে কার্যকর তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।  

বার্লিনে টিআই সচিবালয় পরিচালিত দ্বিবার্ষিক ‘দুর্নীতি রপ্তানি ২০২০: ওইসিডি ঘুষবিরোধী কনভেনশন প্রয়োগের মূল্যায়ন’ শীর্ষক গবেষণায় দেখা যায়, ২০১৮ সালের পর থেকে বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে সক্রিয় আইন প্রয়োগ হ্রাস পেয়েছে। এসময়কালে বৈদেশিক ঘুষ এবং এর সঙ্গে সম্পৃক্ত অর্থ পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দেশের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে।

গবেষণায় অন্তর্ভুক্ত ৪৭টি দেশের মধ্যে বিশ্বের রপ্তানি বাণিজ্যের ১৬.৫ ভাগ নিয়ন্ত্রণ করা মাত্র ৪টি দেশ বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে কার্যকরভাবে আইন প্রয়োগ করেছে। ২০১৮ সালে এমন দেশের সংখ্যা ছিলো ৭টি, যারা মোট বৈশ্বিক রপ্তানি বাণিজ্যের ২৭ ভাগ নিয়ন্ত্রণ করত।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বৈদেশিক ঘুষ লেনদেনের বিরুদ্ধে একটি তদন্তও শুরু করতে পারেনি; অথচ চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বেশকিছু কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এবং অনেক দেশই তাদের বিরুদ্ধে তদন্ত করছে।

২০১৬ থেকে ২০১৯ সময়কালে ওইসিডি বহির্ভূত কিন্তু রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ আরও দুটি দেশ ভারত ও হংকংও বৈদেশিক বাণিজ্যে ঘুষ লেনদেনের বিরুদ্ধে একটিও তদন্ত করেনি।

গত চার বছরে সিঙ্গাপুর মাত্র একটি ঘটনায় তদন্ত করেছে এবং একটি মামলায় শাস্তি নিশ্চিত করতে পেরেছে বলে টিআই জানিয়েছে।

প্রতিবেদনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “আমরা এমনিতেই সর্বব্যাপী দুর্নীতির চক্রে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ। এই প্রেক্ষিতে বিদেশি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি চর্চা পরিস্থিতিকে আরও প্রকট করে তুলবে।”