কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সোমবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন পরিকল্পনামন্ত্রী জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে করোনাভাইরাস পরীক্ষায় সোমবার পজিটিভ ফল আসে।
৭৪ বছর বয়সী এই সাবেক আমলার ফুসফুসে মৃদু সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
শাহেদুর বলেন, সব লক্ষণ মৃদু হলেও বয়স বিবেচনায় কোন ঝুঁকি না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। তবে তার অবস্থা স্থিতিশীল।
