২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালেককাণ্ডের পর স্বাস্থ্য সেবা বিভাগে সতর্কবার্তা

‘নিয়োগ বাণিজ্য করে’ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেকের বিপুল সম্পদের মালিক হওয়ার তথ্য বেরিয়ে আসার পর কর্মীদের জন্য সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 09:27 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে’ কর্মীদের বদলি-পদোন্নতির ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে হুঁশিয়ার করা হয়।

সেখানে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে ও মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বদলি পদোন্নতি ইত্যাদি বিষয়ে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের কাজ থেকে সতর্ক/বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হল।

“এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হল।”  

আবদুল মালেক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালকের গাড়িচালক। গত মাসে অস্ত্র ও জাল টাকাসহ তাকে গ্রেপ্তারের পর তার শত কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র‌্যাব।

র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তুরাগের দক্ষিণ কামারপাড়ায় দুটি সাততলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমণ্ডির হাতিরপুলে সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন ছাড়াও কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে মালেকের। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থও জমা আছে তার।

দীর্ঘদিন ধরে নোট জালিয়াতির কারবার এবং নিজ কর্মস্থলের পরিচয় কাজে লাগিয়ে ‘বদলি ও নিয়োগ বাণিজ্য করে’ মালেক ওই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তদন্তকারীদের ভাষ্য।

মালেক গ্রেপ্তার হওয়ার পর স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অন্য ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্নীতি দমন কমিশনও (দুদক) স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ কর্মকর্তা-কর্মচারীর ‘বিপুল সম্পদের’ উৎসের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।

ইতোমধ্যে স্বাস্থ্য খাতের ১২ জন কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্ত্রীসহ ২০ জনের সম্পত্তির হিসাব চেয়েছে দুদক। ৪৫ জনের তালিকায় এই ১২ জন ছাড়াও মালেকের নামও রয়েছে।

আরও পড়ুন

গাড়িচালক মালেকের মতো দুর্নীতিবাজ আরও বেরোবে: স্বাস্থ্যসচিব  

স্বাস্থ্যের ৪৫ কর্মকর্তা-কর্মচারীর অঢেল সম্পত্তির উৎসের খোঁজে দুদক  

১৪ দিনের রিমান্ড শেষে কারাগারে গাড়িচালক মালেক  

মালেকের ‘দুর্নীতির’ দায় নিতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর