আবরার হত্যামামলায় আসামির স্বীকারোক্তি নেওয়া হাকিমের সাক্ষ্য
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যামামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি, যিনি এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সোমবার সাক্ষ্য দেন হাকিম নিভানা।
আলোচিত এই হত্যামামলায় আসামি বুয়েটছাত্র মুজাহিদুর রহমান মুজাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন নিভানা।
জবানবন্দি দেওয়ার পর হাকিম নিভানাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী গাজী জিল্লুর রহমান এবং আজিজুর রহমান দুলু।
জেরায় আইনজীবীরা বলেন, ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে সাম্প্রতিক ফরম ব্যবহার করা হয়নি, নিয়মমতো আসামি এবং হাকিম নিজে স্বাক্ষর করেননি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার সময় পুলিশ ছিল ইত্যাদি।
অধিকাংশ প্রশ্নের জবাবে হাকিম নিভানা বলেন, এসব সত্য নয়।
আবরার হত্যামামলার ২৫ আসামির মধ্যে আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী আরেক হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর সাক্ষ্য মঙ্গলবার নেওয়া হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা জানিয়েছেন।
আবরার হত্যামামলার সাক্ষ্যগ্রহণ গত ৫ অক্টোবর শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্যগ্রহণ একটানা চলবে।
মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে সোমবার পর্যন্ত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে।
আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।
