২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর সাবেক পিএসকে দুদকে তলব

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব ওয়াহেদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 09:47 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

কমিশনের সহকারী পরিচালক অনুসন্ধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশে আগামী ১৪ অক্টোবর ওয়াহেদুর রহমানকে তলব করা হয়েছে বলে কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

নোটিশে তাকে ওই দিন সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

ওয়াহেদুর রহমান বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন।

তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ করে কোভিড হাসপাতালের আসন বরাদ্দ, বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসার জন্য নির্মিত হাসপাতালে বেড ক্রয়ে অনিয়মসহ বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে ওয়াহেদুর রহমানকে গত ৫ অক্টোবর তলব করে নোটিশ পাঠিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম। তখন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়ে অনুসন্ধান কর্মকর্তার কাছে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে তাকে ১৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সময় দেওয়া হল।

২০১৯ সালের ৯ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান ওয়াহেদুর রহমান। এরপর গত জুনে তাকে সেখান থেকে বদলি করা হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ছিলেন।