২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 09:54 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

বুধবার কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এসময় কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি সহিদুল করিম উপস্থিত ছিলেন।

 পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

করোনাভাইরাস মহামারীর কারণে প্রার্থী বাছাই কার্যক্রম বিঘ্নিত হলেও ভবিষ্যতে স্বল্পতম সময়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি সাক্ষাতের সময় বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন কমিশন যোগ্য প্রার্থীদের বাছাই করবে এবং স্বল্পতম সময়ে নিয়োগের পদক্ষেপ গ্রহণ করবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

উজবেকিস্তানে নতুন বাংলাদেশি দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

বুধবার নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।”

রাষ্ট্রপতি এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা প্রদান করেন।

উজবেকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত দূত জাহাঙ্গীর আলম দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।