২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিকুর হত্যামামলার যুক্তিতর্ক ২১ সেপ্টেম্বর

অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর আগামী ২১ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানির দিন ঠিক হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 09:07 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে বৃহস্পতিবার মামলার তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।

তারা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর।

সাইফুল আদালতে দাঁড়িয়ে বলেন, “সে সময় আমি অন্য মামলায় পুলিশ হেফাজতে ছিলাম। আমি এই হত্যার মাস্টারমাইন্ডও ছিলাম না।”

মামলার পাঁচ আসামির মধ্যে কারাগারে থাকা এই তিনজনকে এদিন আদালতে হাজির করা হয়। বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও ২৪ সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান।

এরপর বিচারক তাদের প্রশ্ন করেন, তারা দোষী না নির্দোষ?

উত্তরে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক শুনানির পরই মামলাটির রায় হবে।

পলাতক দুই আসামি জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ওরফে তাহের এবং আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আব্দুল্লাহর আত্মপক্ষ শুনানি হয়নি। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেন।

ব্লগার ওয়াশিকুর বাবু হত্যার বিচার শুরু  

ব্লগার ওয়াশিকুর বাবু হত্যার বিচার শুরু  

ওয়াশিকুর হত্যার অভিযোগপত্রে আসামি ৫  

ওয়াশিকুরহত্যা: চার জনকে আসামি করে মামলা  

ফের অনলাইন অ্যাকটিভিস্ট খুন, ২ জনকে ধরল জনতা  

বিচার শুরুর প্রায় চার বছর পর গত ২৫ অগাস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দেন।

এ মামলাটি করেছিলেন নিহত আশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ। তবে তিনি আদালতে সাক্ষ্য দিতে আসেননি। পরে জানা যায়, তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেশে এনে সাক্ষ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাতে কাজ হয়নি। তার সাক্ষ্য না নেওয়ায় নিয়ম অনুযায়ী মামলার রেকর্ডিং কর্মকর্তা সালাহউদ্দিন বাদীর এজাহারের স্বাক্ষর শনাক্ত করেন। 

২০১৫ সালের ৩০ মার্চ ঢাকার তেজগাঁওয়ের বেগুনবাড়িতে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর, যিনি ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লিখতেন।

হত্যাকাণ্ডের পরপরই জনতা ধাওয়া করে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুলকে ধরে ফেলে। আর সাইফুলকে হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই ধারালো অস্ত্রসহ যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ওই সময় ব্লগার, লেখক, শিল্পী, শিক্ষকদের উপর ধারাবাহিক জঙ্গি হামলা চলছিল। এরমধ্যে হামলাস্থল থেকে ওই ঘটনায়ই প্রথম কেউ ধরা পড়েন।

ঘটনার পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন নিহতের ভগ্নিপতি মাসুদ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

২০১৬ সালের ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ আনসারুল্লাহর পাঁচ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেখানে বলা হয়, পলাতক আসামি আব্দুল্লাহ হত্যার পুরো বিষয়টি পরিকল্পনা করেছিলেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছিলেন।

২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্রাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।

পুরনো খবর:

ওয়াশিকুর হত্যা: চার বছরে শেষ হল সাক্ষ্যগ্রহণ