২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: ঢাকায় নাইজেরিয়ার আরো ১৫ নাগরিক গ্রেপ্তার

উপহার দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতানোর অভিযোগে নাইজেরিয়ার নাগরিকদের একটি বড় চক্রকে গ্রেপ্তার করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2020, 05:46 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

পুরনো খবর:

ফেইসবুক বন্ধু হয়ে প্রতারণা: ঢাকায় ১৬ নাইজেরীয় আটক
ফেইসবুকে প্রতারণা: পল্লবীতে ১১ নাইজেরীয় আটক

বৃহস্পতিবার ঢাকার পল্লবী ১১ নম্বর সেকশন থেকে চক্রটির ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই ধরনের প্রতারণায় জড়িত থাকায় গত দুই মাসে তারা ৩৯ জন নাইজেরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছেন।

সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণা শিকার ফরহাদ নামের এক ব্যক্তি এই চক্রের হাতে বিভিন্ন মাধ্যমে সোয়া পাঁচ লাখ টাকা দেন। পরে চক্রটির একজন সদস্য কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে আবার টাকা চাইলে তিনি বিষয়টি সিআইডিকে জানান। পরে সিআইডি প্রতারক ওই ব্যক্তির সঙ্গে কৌশলে যোগাযোগ করে হাতেনাতে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ টাকা লেনদেনের বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- এনজুবেচুকু ইউজেনে দারা, চুয়াউমা জন ‍ওকেচুকু, উচেনা ডেমিয়ান ইমিসিয়ানি, চিসম অ্যান্থনয় একুয়েনজা, হেনরি ওসিতা ওকেচুকু, ইফিয়ানি জনপল চিনউইজে, ওকেকে পিটার, এমেকা ডোনাটাস, গোজি ওনিয়েদো, পিটার চিকা আকপু, ওবিনা সানডে, নোয়ানা ইয়ং, জেরেমিয়াহ চুকুদি ইজিওবি এবং স্টিফেন ওজিওমা ওবিয়াকোইজি

সিআইডি বলছে, চক্রটি শুধু বাংলাদেশের নাগরিকদেরই নয়, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে থাকা এই চক্রের সদস্যরা বিভিন্ন দেশে অবস্থান করছে এবং একইভাবে সেসব দেশে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যে নিয়মিত যোগাযোগ হয়ে থাকে সে ব্যাপারে সিআইডির কাছে তথ্যপ্রমাণও রয়েছে।

Image
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নাইজেরিয়ার নাগরিকদের কাছ থেকে এসব ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নাইজেরিয়ার নাগরিকদের কাছ থেকে এসব ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নাইজেরিয়ার এসব নাগিরকদের কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ব্যবসা ভিসায় কিংবা কেউ পর্যটন ভিসায় এসেছেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা অবৈধভাবে অবস্থান করছিলেন।

যেভাবে প্রতারণা

চক্রটির প্রতারণার কৌশল উল্লেখ করে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এক নারী সেনা সদসস্যের ছবি দিয়ে চক্রটি একটি ভুয়া ফেইসবুক আইডি খুলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে।

পরে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং আকর্ষনীয় ছবিসহ বিভিন্ন ম্যাসেজ পাঠিয়ে সম্পর্ক গভীর করে।

বন্ধুত্ব সম্পর্কের সূত্র ধরে এক পর্যায়ে সুযোগ বুঝে প্রতারক দলের কোনো সদস্য বলেন, ইয়েমেন-আফগানিস্তান বা সিরিয়াতে তিনি আছেন। তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে। কিন্তু ওইসব দেশে যুদ্ধ থাকায় যেকোনো সময় ডলার বা মূল্যবান সম্পদ নষ্ট হতে পারে- এমন কথা বলে নতুন ফেইসবুক বন্ধুকে সেসব উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেয়। বেঁচে থাকলে পরে সেসব ফেরত নেয়ার কথাও বলে প্রতারকরা।

এরপর ওই ফেইসবুক ঠিকানা, মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে এবং মেসেঞ্জার কিংবা হোয়াট্সঅ্যাপে উপহার এবং সেসবের প্যাকেটের ছবি পাঠানো হয়।

এরপরই বিমানে উপহারের প্যাকেট বুকিং দেওয়া হয়েছে জানিয়ে একটি ভুয়া স্লিপ পাঠানো হয় ফেইসবুক বন্ধুর কাছে। তার ঠিক দুইদিন পর ফোন করে তাকে জানানো হয় বাংলাদেশ কাস্টমসে প্যাকেটটি আটকে আছে, ছাড়িয়ে নিতে টাকা লাগবে। এজন্য একটি ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং নম্বর দেয়া হয় তাকে।

কেউ প্রলোভনে পড়ে এসব মাধ্যমে টাকা পাঠালে প্রতারকরা এক পর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।