২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রতারণা: পল্লবীতে ১১ নাইজেরীয় আটক

ফেইসবুকে কৌশলে বন্ধু হয়ে উপহার পাঠিয়ে পরে সেই উপহার কাস্টমস থেকে ছাড়িয়ে নিতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 05:40 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রতারণার শিকার একজনের অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে আটক হওয়াদের মধ্যে একজন বাংলাদেশি নারী রয়েছেন; বাকিরা নাইজেরিয়ার নাগরিক। 

গ্রেপ্তাররা হলেন - নানদিকা চিলেন্ট চাকেনগু (৩২), চিলিটাস আচুনা (৩১), ওনিকুলভি টিভিটি চিননজ (৩০), ইকিনি ওয়াইজডম (৩০), চিচোজি (৩০), ইভান্ডি গ্যাবরিল ওবিনা (৩০), চেলেসটাইন পেট্রিক ওবিয়াজুলু (৩০), মোরদি নামদি কলনিস (৩০),  ওরডু চুকবুডর সামি (৩০), এনডুবুকন সোমাইনা (৩০), এনজিরিম প্র সিয়াস ইকমি (৩০), এনওকি ওয়াইজডম চিকবাডু (৩০) ও বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক এই দলটি  অভিনব কায়দায় ‘বিপরীত লিঙ্গের’ ব্যক্তিদের সঙ্গে ফেইসবুকে বন্ধুত্ব তৈরি করতো।

এভাবে বন্ধুত্বের এক পর্যায়ে একটি মেসেঞ্জার আইডি থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ একটি পার্সেল উপহার দেওয়ার প্রস্তাব করা হয় ভুক্তভোগীকে। পরে ম্যাসেঞ্জারে ওইসব সামগ্রীর এয়ার লাইসেন্স বুকিং ডকুমেন্টও পাঠানো হয় তাকে।

প্রতারকরা ভুক্তভোগীকে জানায়, এসব গিফট বক্সে কয়েক মিলিয়ন ডলারের মূল্যবান সামগ্রী রয়েছে; উপহার সামগ্রী চট্টগ্রাম এয়ারপোর্ট কাস্টমার গুদাম হতে গ্রহণ করতেও বলা হয়।

এই চক্রের সদস্য রাহাত আরা খানম নিজেকে কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে ‘মূল্যবান গিফট’ এর শুল্ক বাবদ চার লাখ ২৫ হাজার টাকা কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধের জন্য চাপ দেয় ভুক্তভোগীকে।

উপহার সামগ্রী গ্রহণ না করলে আইনি জটিলতার ভয়ও দেখানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভয় পেয়ে ভুক্তভোগী প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন অ্যাকাউন্টে ৩ লাখ ৭৩ হাজার টাকা জমা দেন।

একইভাবে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সারাদেশে শতাধিক লোকের কাছ থেকে পাঁচ থেকে ছয় কোটি টাকা দুই মাসের মধ্যে হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

গ্রেপ্তার নাইজেরিয়ার নাগরিকরা দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছিল এবং তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র এবং পাসপোর্ট নেই বলে জানিযেছে সিআইডি।

আরও পড়ুন

ফেইসবুক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার ওই তিন বিদেশি  

ফেইসবুক বন্ধু হয়ে প্রতারণা: ঢাকায় ১৬ নাইজেরীয় আটক