প্রতারণার এক মামলায় রিমান্ডে সাহেদ
রাজধানীর পল্লবী থানার প্রতারণার এক মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম মাসুদ উর রহমান রিমান্ডের এই আদেশ দেন।
এদিন তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।
গত ১৩ জুলাই পল্লবী থানায় ফিরোজ আলম চৌধুরী নামের এক ব্যক্তি সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৮ মে ফিরোজ আলমের একটি ভবনের কয়েকটি ফ্লোর রিজেন্ট হাসপাতাল লিমিটেডের নামে ২০ লাখ টাকা জমানত ও মাসিক আড়াই লাখ টাকা দেওয়ার শর্তে সাহেদ ভাড়া নেন। কিন্তু চুক্তি অনুযায়ী সাহেদ জামানতের টাকা ও মাসিক ভাড়া পরিশোধ করেননি।
২০১৬ থেকে ২০১৭ সালের বিভিন্ন তারিখে সাহেদ পাওনা টাকার বিপরীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবির বেশ কয়েকটি চেক দেন।
কিন্তু এসব চেক নিয়ে টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে টাকা না থাকায় তুলতে পারেননি বাদী। এরপর ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে রিজেন্ট হাসপাতালের নামে প্রিমিয়ার ব্যাংকের কয়েকটি চেক দেন সাহেদ। সেসব চেক দিয়েও টাকা উত্তোলন করতে পারেননি বাদী।
এরপর বিভিন্ন সময় লিগ্যাল নোটিস পাঠিয়ে ও পল্লবী থানায় একাধিক সাধারণ ডায়েরি করেও টাকা পাননি ফিরোজ আলম। উপরন্তু সাহেদের কাছে ভাড়ার টাকা চাইতে গেলে হুমকি দেন। এমনকি গালাগালি এবং মারধরও করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
করোনাভাইরাস মহামারীকালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সাহেদের বিরুদ্ধে প্রতারণার পাশাপাশি অর্থ আত্মসাত ও অস্ত্র মামলাও হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় অভিযোগপত্রও জমা হয়েছে আদালতে।
সবশেষ মঙ্গলবার সাহেদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে আরেকটি মামলা করেছে সিআইডি।
