সাহেদের বিরুদ্ধে এবার মুদ্রা পাচার আইনে মামলা
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার মুদ্রা পাচার আইনে একটি মামলা হয়েছে।
ঢাকার উত্তরা পশ্চিম থানায় মঙ্গলবার এই মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
করোনাভাইরাস মহামারীকালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সাহেদের বিরুদ্ধে প্রতারণার পাশাপাশি অর্থ আত্মসাত ও অস্ত্র মামলাও হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় অভিযোগপত্রও জমা হয়েছে আদালতে।
মঙ্গলবার করা মামলায় সাহেদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর তা পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ১৫ জুলাই পর্যন্ত প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এই পরিমাণ টাকা হাতিয়ে নেন সাহেদ।
“অপরাধলব্ধ আয় লেনদেনের সুবিধার্থে সাহেদ রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কেসিএস লিমিটেড ও অন্যান্য অস্তিত্ববিহীন ১২টি প্রতিষ্ঠানের নামে ৪৩টি ব্যাংক হিসাব পরিচালনা করত।
সাহেদের পক্ষে প্রতিষ্ঠানগুলোর এমডি মাসুদ পারভেজ ব্যাংক হিসাবসমূহ প্রত্যক্ষভাবে পরিচালনা করে আসছিল।
“এই ৪৩টি ব্যাংক হিসাবে সর্বমোট জমা হয়েছে ৯১ কোটি ৭০ লক্ষ টাকা। পর্যায়ক্রমে তোলা হয়েছে ৯০ কোটি ৪৭ লক্ষ টাকা। বর্তমানে স্থিতির পরিমাণ রয়েছে ২ দুই কোটি ৪ চার লক্ষ টাকা।”
সাহেদের নামে ৮০ লক্ষ টাকা ঋণের তথ্য পাওয়ার পাশাপাশি রিজেন্টের এমডি মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাবেরও সন্ধান পায় সিআইডি।
“যেখানে ওই সাড়ে তিন বছরে মোট জমা ছিল ৩ কোটি ৯৮ লক্ষ টাকা, যা পরে তুলে নেওয়া হলেও বর্তমান স্থিতির পরিমাণ ৫ হাজার টাকা।”
সাহেদ, মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামা ৬/৭ জন পরস্পর যোগসাজশে বিভিন্নভাবে ১১ কোটি দুই লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে মুদ্রা পাচার প্রতিরোধ আইনের কয়েকটি ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাহেদ ৭ কোটি ৯০ লাখ টাকা এবং কোভিড- ১৯ এর ভূয়া পরীক্ষা এবং জাল সনদ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
সিআইডি জানিয়েছে, সাহেদসহ তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলার তথ্য পেয়েছে তারা।
