২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাবউদ্দিন হাসপাতাল সিলগালা হয়নি

দুদিন আগে অভিযান চালিয়ে রোগীরা চলে গেলে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করে দেওয়ার কথা র‌্যাব জানালেও হাসপাতালটি বন্ধ হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 11:43 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

ঢাকার গুলশানের এই বেসরকারি হাসপাতাল থেকে অনেক রোগী চলে গেলেও মঙ্গলবার সেখানে নতুন রোগী ভর্তির খবর পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু বিষয় বিবেচনা করে তারা হাসপাতালটি সিলগালা করার চূড়ান্ত সিদ্ধান্ত আর নেননি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে উত্তরার রিজেন্ট হাসপাতালে জালিয়াতির প্রমাণ পেয়ে তা বন্ধ করে দিয়েছিল র‌্যাব। তার মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সাহাবউদ্দিন হাসপাতালে অভিযান চালিয়ে ওই হাসপাতালেও করোনাভাইরাস পরীক্ষাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ার কথা জানায় র‌্যাব।

সোমবার এই ঘটনায় একটি মামলা করার পর সাহাবউদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তারও করা হয়।

Image
অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।ওই দিনই বলেছিল, রোগীরা চলে যাওয়ার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।ওই দিনই বলেছিল, রোগীরা চলে যাওয়ার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।

র‌্যাব রোববারই জানিয়েছিল, ভর্তি রোগীরা চলে গেলে ৫০০ শয্যার হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছিল। তারপর রোগীদেরও চলে যেতে দেখা গিয়েছিল।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালটিতে নতুন করে রোগী ভর্তি করা হচ্ছে।

হাসপাতালের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার তারা তিনজন নতুন রোগী ভর্তি করেছেন। আরও রোগী ভর্তির অপেক্ষায় রয়েছেন।

রাত ১০টা নাগাদ করোনাভাইরাস ইউনিটসহ বিভিন্ন বিভাগে মোট ১৮ জন রোগী ভর্তি ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

হাসপাতালে পরিচালক মো. মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগী ভর্তি না করানোর ব্যাপারে কারও কোনো নির্দেশনা আমরা পাইনি। রোগী চিকিৎসা নিতে আসলে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। চিকিৎসা তাকে দিতে হবে।”

তবে রোববার অভিযানের দিন বিকাল থেকে সোমবার সারাদিন রোগী ভর্তি বন্ধ ছিল বলে জানান তিনি।

র‌্যাবের অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আশিক বিল্লাহ বলেন, “এটি শুধু একটি হাসপাতাল নয়, তার সাথে কলেজও আছে। আমরা শুধু করোনাভাইরাস কেন্দ্রিক অভিযান চালিয়েছি।

“হাসপাতালে বিভিন্ন বিভাগ আছে। তাছাড়া বিদেশি রোগীও আছে। বেশ কিছু বিষয়কে বিবেচনা করে হাসপাতালটি সিলগালা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা দেখছি, শুধু করোনাইউনিটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কি না।”

Image
সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল।

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল।

হাসপাতালটির চেয়ারম্যান সাহাবউদ্দিনের ছেলে ব্যবস্থাপনা পরিচালক ফয়সালসহ গ্রেপ্তার চিকিৎসক আবুল হাসনাত ও স্টোরকিপার শাহরিজ কবিরকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

সাহাবউদ্দিনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

সাহাবউদ্দিন হাসপাতালে অভিযানের পর বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের এই সংগঠনটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ‘অযাচিত’ কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল।

‘অনিয়ম’ পেয়ে এবার সাহাবউদ্দিন মেডিকেল বন্ধ করল র‌্যাব

সাহাবউদ্দিন মেডিকেল ছাড়ছেন রোগীরা

র‌্যাবের মামলার পর সাহাবউদ্দিনের ছেলে গ্রেপ্তার

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন রিমান্ডে