সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন রিমান্ডে
চিকিৎসার নামে প্রতারণা ও অনিয়মের মামলায় ঢাকার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোর কিপার শাহরিজ কবিরকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
তাদের তিনজনের জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম মঙ্গলবার এই আদেশ দেন।
গত দুই দিনে র্যাবের হাতে গ্রেপ্তার ফয়সাল, হাসনাত ও শাহরিজকে এদিন আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয় গুলশান থানা পুলিশের পক্ষ থেকে।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবিলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন শুনানিতে বলেন, এ আসামিরা মহামারীর মধ্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ম মত তা পরীক্ষা না করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অনুমোদনহীন র্যাপিড কিট আমদানি করে তারা রাষ্ট্রের সঙ্গেও প্রতারণা করেছে।
“তারা জাতির শত্রু । তাদের সঙ্গে আর কে কে রয়েছে তা জানা এবং জালিয়াতি ও প্রতারণার আরো তথ্য উদ্ধারের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।”
অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী শাহিনুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “কোনো ভুক্তভোগী এ মামলা দায়ের করেনি। আর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়নি। তাছাড়া এরা হাসপাতালের কাজে নিয়োজিত ছিলেন। সংক্রমণ এড়াতে তাদের আইসোলশনে রাখা উচিত।”
প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকতা এস আই লিয়াকত আলী জানান।
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম
পরে ওই হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে ফয়সাল এবং হাসনাত ও শাহরিজকে আসামি করে সোমবার রাতে গুলশান থানায় মামলা করেন র্যাবের নায়েব সুবেদার ফজলুল বারী।
রাতেই বনানীর ‘সুইট ড্রীম’ হোটেল থেকে ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব। তার বাবা সাহাবউদ্দিনই ওই হোটেলের মালিক।
সরকারের অনুমোদন না থাকার পরও র্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেওয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে হাসপাতালে ভর্তি করা, মেয়াদোত্তীর্ণ মেডিকেল সরঞ্জাম রাখাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে গুলশান থানার এ মামলায়।
হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা হয়নি বলেও র্যাবের অভিযোগ।
ঢাকার গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে রোববার রাতে গ্রেপ্তার করে র্যাব।
এজাহারে বলা হয়, অভিযানের খবর পেয়ে এনামুল হক নামে এক রোগীর ছেলে হাসপাতালে এসে জানান, কোভিড-১৯ পরীক্ষার জন্য তার কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নিলেও কোনো প্রতিবেদন না দিয়ে মৌখিকভাবে ‘নেগেটিভ’ বলে জানিয়ে দেওয়া হয়।
“এছাড়া অন্য এক রোগীর কোভিড-১৯ পরীক্ষা ঢাকার বাইরে একটি হাসপাতাল থেকে করিয়ে পজিটিভ দেখিয়ে ভর্তি করানো হয়। পরে ওই রোগীর স্বজনের সন্দেহ হলে ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে।”
মামলায় বলা হয়, হাসপাতালের চতুর্থ তলায় অস্ত্রোপাচার কক্ষে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের মেডিকেল সামগ্রী পাওয়া যায়। এরমধ্যে ২০১৩ সালে মেয়াদ শেষ হয়েছে, এমনও মেডিকেল সামগ্রীও জব্দ করা হয়েছে।
ডা. আবুল হাসনাতের কক্ষ তল্লাশি করে নয়টি র্যাপিড টেস্ট কিট এবং তার স্বাক্ষরে চারজনের অ্যান্টিবডি টেস্টের প্রতিবেদন পাওয়ার কথাও জানানো হয় মামলার এজাহারে।
ওই মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান সাহাবউদ্দিন এক সময় বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন। তবে ২০১৯ সালে তিনি পদত্যাগ করে বিএনপি ছাড়েন।
আরও পড়ুন
