২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদ কবে, জানা যাবে মঙ্গলবার

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- সেই তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 06:52 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন বলে সোমবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই।

আর চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ হবে ১ আগস্ট।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ পালন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

গত রোজার ঈদের মত এবারের কোরবানির ঈদও হচ্ছে করোনাভাইরাসের মহামারীর মধ্যে। ফলে ঈদের নামাজ থেকে শুরু করে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি থাকছে।

ধর্ম মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ভাইরাসের বিস্তার রোধে রোজার মত কোরবানির ঈদের জামাতও এবার মসজিদের পড়তে হবে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।

সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সেখানে কোরবানির ঈদ উদযাপন হবে। তার আগের দিন পালিত হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

অন্যবার বিশ্বের লাখ লাখ মুসলমান হজে অংশ নেন। তারা ঈদের আগের দিন আরাফাতের ময়দানে অবস্থান করেন হজের মূল আনুষ্ঠানিকতার জন্য।

কিন্তু এবার মহামারীর কারণে বিদেশ থেকে কাউকে সৌদি আরবে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে যারা অবস্থান করছেন, তাদের নিয়েই সীমিত পরিসরে হজ হবে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে কিংবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পুরনো খবর:

মহামারীকালে হজও সীমিত পরিসরে, যাওয়া যাবে না অন্য দেশ থেকে
ঈদুল আজহার জামাতও মসজিদে