২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল কোর্ট: প্র্যাকটিস নির্দেশনায় পরিবর্তন এনে বিল পাসের সুপারিশ

মহামারীকালে প্রয়োজনের তাগিদে যাত্রা শুরু করা ভার্চুয়াল আদালত ‘প্রয়োজন অনুসারে’ চালানোর সুপারিশ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2020, 01:13 PM

Updated : 18 Aug 2022, 03:20 PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সোমবার সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।

সংসদে বিলটি আসার পর তা পরীক্ষা-নিরীক্ষা এবং আইন বিশেষজ্ঞদের মত নিয়ে এই সুপারিশ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।

 সংসদে তোলা বিলের ৫ ধারায় বলা ছিল-‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত হাই কোর্ট বিভাগ সময় সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।”

সংসদীয় কমিটি এই ধরায় পরবির্তন আনার সুপারিশ করেছে। ‘সময় সময়’ শব্দ দুটির আগে ‘প্রয়োজন অনুসারে’ শব্দ দুটি যোগ করার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

নির্ধারিত দিনে এবার খসড়া আইনটি পাস করার প্রস্তাব আনবেন আইনমন্ত্রী। সংসদীয় কমিটি কোনো বিলে পরিবর্তন আনলে সংসদ সাধারণত তা গ্রহণ করে।

ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে গত মার্চে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে আদালতও বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ছুটির মধ্যে বিচারকাজ থেমে যাওয়ায় ভার্চুয়াল আদালতের ভাবনা গতি পায়, যেখানে আইনজীবী, বিচারক, আসামি, বাদী কিংবা আদালতকর্মী কেউই একসঙ্গে না বসেই শুনানি নিতে পারেন।

ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়ার পর তার ভিত্তিতে ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়ে যায়।

এই ভার্চুয়াল আদালতে শুধু জামিনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শুনানিই হচ্ছে। তবে অনভ্যস্ততা ও অপ্রতুল অবকাঠামোর কারণে ভার্চুয়াল আদালত নিয়ে আইনজীবীদের অস্বস্তি রয়েছে।

এই সময়ে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালন করতে গিয়ে নিম্ন আদালতের দুই ডজনের বেশি বিচারকের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোনো অধ্যাদেশ জারির পর তা আইনে পরিণত করতে ৩০ দিনের মধ্যে সংসদে অনুমোদন করিয়ে নিতে হয়। না হলে অধ্যাদেশটির কার্যকারিতা হারায়।

সে অনুযায়ী অধ্যদেশটি আইন হিসেবে জারি করতে গত ২৩ জুন সংসদে বিল তোলা হয়। তখন বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২৪ জুন সংসদীয় কমিটি বিলটি নিয়ে বৈঠক করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত জানায়।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়োজনের তাগিদে এই আইনটি প্রয়োগ করার বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।

“ধরুন কোনো মহামারী হলো, জরুরি প্রয়োজন দেখা দিল, নিরাপত্তার প্রশ্ন উঠল- সেরকম পরিস্থিতিতে উচ্চ আদালত এ আইন প্রয়োগ করবে।”

সংসদীয় কমিটির ডাকে সাড়া দিয়ে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েকজন লিখিত মতামত পাঠান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ স্থাপনে একটি বিল সংসদে উঠেছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ সোমবার সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন:

ভার্চুয়াল আদালত চলুক শুধু প্রয়োজনে, মত সংসদীয় কমিটির  

ভার্চুয়াল আদালতে কাজ শুরু  

যেভাবে চলবে ‘ভার্চুয়াল আদালত’  

‘হ্যালো লারনেড স্যামসাং’  

‘ভার্চুয়াল কোর্ট’ অব্যাহত রাখতে সংসদে বিল  

‘ভার্চুয়াল কোর্ট’ অব্যাহত রাখার বিল চূড়ান্তে বিশেষজ্ঞ মত নেবে সংসদীয় কমিটি  

ভার্চুয়াল আদালতে ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা: ঢাকা আইনজীবী সমিতি