ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিংয়ে জোর আইজিপির
জনগণের আরও কাছাকাছি যাওয়ার জন্য দেশের প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করতে ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, “এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যাতে জনগণকে পুলিশের কাছে আসতে না হয়, বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যেতে পারে। সেটা সম্ভব বিট পুলিশি়ংয়ের মাধ্যমে।”
রোববার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহানগর, রেঞ্জ ও পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেন আইজিপি।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল এবং রংপুর মহানগর পুলিশ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল রেঞ্জ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, র্যাব, পিবিআই, রেলওয়ে, টুরিস্ট, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এই ভিডিও কনফারেন্সে।
ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটে বিট পুলিশিংয়ের সাফল্যর কথা তুলে ধরে পুলিশ মহাপরিদর্শক বলেন, “আমরা সারাদেশে বিট পুলিশিং চালু করতে চাই, মানুষের কাছে যেতে চাই, মানুষের হৃদয় জয় করতে চাই।”
তিনি বলেন, “কোভিড- ১৯ পরিস্থিতির এই সময়ে জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের পাশে থেকেছি, তাদেরকে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি- জীবন বিলিয়ে দিয়েছি। এটা ধরে রাখতে হবে।”
বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, “কোন পুলিশ মাদক খাবে না, ব্যবসা করবে না, মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখবে না।”
বাহিনীর সবাইকে তিনি সতর্ক করে বলেন, “কোনো পুলিশ সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করে বড়লোক হতে চাইলে সে যেন চাকরি ছেড়ে ব্যবসা করে। পুলিশে তার জায়গা নেই।”
প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে আইজিপি বলেন, “তাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অন্যান্য সুবিধার বিষয়টিও দেখা হচ্ছে, যেন প্রতিটি প্রলিশ সদস্য নির্বিঘ্নে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারেন।”
