২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

সারা দেশে  অভিযান চালিয়ে স্পেনে মানবপাচারকারী একটি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 06:47 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের হাজরাপুরের আব্দুল জলির ওরফে দুলাল ডাক্তার, মাগুরার মোহাম্মদপুরের খালিয়ার রুবেল হোসেন, সিলেটের কোম্পানীগঞ্জের ডাকাতিবাড়ীর রুবেল আহম্মেদ, একই উপজেলার কলাবাড়ির মো. কুতুব উদ্দিন এবং বিয়ানীবাজারের খাসারীপাড়ার পারভেজ আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় দেশে মানবপাচার চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে সিআইডি।

এরই ধারাবাহিকতায় স্পেনে মানবপাচারকারী চক্রের আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চক্রটি লিবিয়া ও ইতালির পাশাপাশি দালালের মাধ্যমে স্পেনেও বাংলাদেশিদের পাচার করছে বলে তদন্তে জানতে পারে সিআইডি। 

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে মানবপাচার করছে এই চক্র।

পাচারকালে বিভিন্ন দেশে লোকজনকে জিম্মি করে অত্যাচার ও মেরে ফেলার ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানবপাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।

সিআইডি বলছে, এই ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় দুইটি ও বনানী থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেছে।

সারাদেশে মামলা হওয়া এমন ১৫টি মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডির অভিযানে এ পর্যন্ত ২২ জন মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছে।

পুরনো খবর:

লিবিয়ায় মানবপাচার: রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার আরও ৯
মানব পাচার: সিলেটে এনামুলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
মানব পাচারের মামলা নিষ্পত্তিতে এক সপ্তাহের মধ্যে চালু ৭ ট্রাইব্যুনাল