২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মানবপাচার: রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার আরও ৯

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনার পর দেশজুড়ে মানবপাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 12:13 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিন জনকে গ্রেপ্তার করে।

ডিএমপির ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন জানান, ডিবির হাতের গ্রেপ্তার হয় বাদশা মিয়া, জাহাঙ্গীর মিয়া, আকবর আলী, সুজন, নাজমুল হাসান ও লিয়াকত শেখ ওরফে লিপু।

তাদের কাছ থেকে চারটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও  টাকার হিসাব সম্বলিত দুটি নোট বুক উদ্ধার করা হয়।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাতেন বলেন, লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানা ও তেজগাঁও থানায় দায়ের করা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রোববার রাতে আটক এই ছয় জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তাদের পাচার কর্ম তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, লিবিয়ার বিভিন্ন এস্টেটে কাজ ও লিবিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাচারের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি দালালরা অন এ্যারাইভাল ভিসা ও ভিজিট ভিসার মাধ্যমে প্রথমে লিবিয়ায় পাচার করে। সেখানে বিভিন্ন ক্যাম্পে আটক রেখে তাদের উপর অমানুষিক শারিরীক-মানসিক নির্যাতন চালানো হয়।

লিবিয়ায় ২৬ হত্যা: মানবপাচারের মামলায় দুই সহোদর রিমান্ডে  

লিবিয়ায় মানবপাচারের ঘটনায় ২২ মামলা, গ্রেপ্তার ১৩  

“তারা নির্যাতিত ভিকটিমদের কান্নাকাটি, আকুতি মিনতি করা অডিও অথবা সরাসরি মোবাইলে কথাবার্তা বাংলাদেশে অবস্থানরত পিতা-মাতা আত্মীয়-স্বজনদেরকে পাঠায় ও টাকা দাবি করে। ভিকটিমদের বাচাঁতে তার আত্মীয়-স্বজন কোনো কোনো ক্ষেত্রে ভিটাবাড়ি বিক্রি করেও টাকা পাঠায় ।”

তিনি বলেন, লিবিয়ায় নিহত মাদারীপুরের সাত জনকে বাংলাদেশ থেকে লিবিয়ায় আমির হোসেনের কাছে পাচার করেছিল তার ভাই আকবর হোসেন, যাকে এরমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরেকজন হওয়া বাদশা মিয়া ১৩ বছর ধরে লিবিয়ায় থাকেন। লিবিয়ার বেনগাজি ও জোয়ারা শহরে তার নিজস্ব ক্যাম্প আছে।

“বাদশা নিয়মিত সারা দেশ থেকে লিবিয়াতে মানব পাচার করে, পাচার করা বাংলাদেশিদের তার ক্যাম্পে আটক রেখে সমুদ্রপথে ইটালিতে পাঠায়। মাদারীপুরের নিহতদের মধ্যে চার জনকে তার ক্যাম্পে আটক রেখে ত্রিপোলিতে পাচার করার এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।”

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান বাতেন বলেন, রোববার গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর ঢাকায় থেকে নিজস্ব কায়দায় বেনগাজিতে মানবপাচার ছাড়াও  স্থানীয় অন্যান্য দালালদের কাছ থেকে পাওয়া পাসপোর্টগুলো স্ক্যান করে সফট কপি দুবাই ও লিবিয়াতে পাঠিয়ে টুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল মোয়াফাকা সংগ্রহ করে।

তিনি বলেন, ২৮ মের ঘটনায় আহত সজল, বিজয় ও ইছার উদ্দিনকে লিবিয়ায় পাঠান গ্রেপ্তারকৃত সুজন। সজল লিবিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অন্য দুজনের সন্ধান পাওয়া যায়নি।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে তাদের হাতে গ্রেপ্তার হন সোহাগ হোসেন (৫০), খালিদ চৌধুরী (৪২) ও সানজিদা (৩৮)। এদের দুজনের বাড়ি ঢাকায়, একজনের নরসিংদীতে।

তিনি বলেন, এ পর্যন্ত মানব পাচারের অভিযোগে সারা দেশে দায়ের হওয়া ১২টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এর পল্টন থানায় দুটি ও বনানী থানায় একটি মামলার বাদী সিআইডি। গ্রেপ্তারকৃতদের এই দুই থানার কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানবপাচার ও সন্ত্রাস দমন আইনে সারা দেশে ২২টি মামলায় রোববার পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। সে হিসেবে এই নয় জনকে ধরে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে  মানব পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।

ওই ঘটনায় বেঁচে যাওয়া একজনের বরাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন ৩৮ বাংলাদেশি। বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ওই দলটি লিবিয়ার মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি হয়। তখন পাচারকারীরা আরও টাকা দাবি করে।

এ নিয়ে বচসার মধ্যে আফ্রিকার মূল পাচারকারীকে মেরে ফেলা হলে তার পরিবার এবং বাকি পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করে, আরও ১১ জন আহত হন।