২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব পাচারের মামলা নিষ্পত্তিতে এক সপ্তাহের মধ্যে চালু ৭ ট্রাইব্যুনাল

মানব পাচার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে আগামী এক সপ্তাহের মধ্যে সাতটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 05:34 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

এসব ট্রাইব্যুনাল তাড়াতাড়ি কাজ শুরু না করলে মানব পাচারের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের অবনমন হবে বলে জানিয়েছেন তিনি।

সমসাময়িক বিষয়ে নিয়ে বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, “মানব পাচারের ব্যাপারে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে।

“আমরা যদি মানব পাচার আদালত হিসেবে যে সাতটি আদালত স্থাপন করা হচ্ছে, সেগুলো যদি তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদেরকে তৃতীয় টায়ারে নামিয়ে দেওয়ার একটা সম্ভবনা আছে।”

আনিসুল হক বলেন, “সেই প্রেক্ষিতে আমরা সাতটি মানব পাচার ট্রাইব্যুনাল স্থাপন করেছি এবং এটা আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবে। এটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মানব পাচার অপরাধের দ্রুত বিচারের জন্য বিভাগীয় শহরে এসব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এজন্য বিচারকসহ অন্যান্য পদও সৃষ্টি করা হয়েছে।

এসব ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলে পাচারের ঘটনায় দায়ের হওয়া পাঁচ হাজারের মত মামলা দ্রুত নিষ্পত্তির পথ খুলবে।

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এসব মামলা পৃথকভাবে পরিচালনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে।