২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ছাঁটাই: আজমপুরে অবরোধ, বিক্ষোভ

আড়াইশ শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ভারসেটাইল গ্রুপের একটি পোশাক কারখানার কর্মীরা রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে চার ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 05:29 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

তাদের বিক্ষোভের কারণে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয় বলে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) সারোয়ার আলম খান জানান।

ঈদের আগে শ্রমিক ছঁটাইকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ভার্সেটাইল অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল।

তাদের প্রতি সমর্থন জানিয়ে অন্য শ্রমিকরাও মঙ্গলবার কারখানা থেকে বেরিয়ে আসে এবং সড়ক আটকে বিক্ষোভ শুরু করে।

পরিদর্শক সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণখানের চালাবন এলাকার ওই কারখানার ২৫৭ জন শ্রমিককে ঈদের আগে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়ার কথা জানায়।

ওই ধারায় বলা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত শ্রমিককে কারখানা মালিক ছাঁটাই করতে পারবে। সেক্ষেত্রে অন্তত এক বছর ধরে চাকরিতে থাকা কর্মীকে ছাঁটাইয়ের কারণ জানিয়ে এক মাসের লিখিত নোটিস দিতে হবে অথবা নোটিসের মেয়াদের জন্য মজুরি দিয়ে ছাঁটাই করা যাবে।

কিন্তু শ্রমিকরা তাতে আপত্তি জানিয়ে শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী প্রাপ্য সুবিধা দাবি করে। সেখানে বলা হয়েছে, বরখাস্ত ছাড়া অন্যভাবে মালিক যদি শ্রমিককে চাকরিচ্যুত করে, তাহলে মাসিক মজুরিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ১২০ দিনের লিখিত নোটিস অথবা ওই সময়ের জন্য মজুরি দিতে হবে।

কিন্তু মালিকপক্ষ তাতে রাজি না হলে বিষয়টি বিজিএমইএ পর্যন্ত গড়ায়। সেখান থেকেও ২০ ধারা অনুযায়ী পাওনা পরিশোধের মত দেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তা সারোয়ার জানান।

কিন্তু ছাঁটাই হওয়া শ্রমিকরা তা মেনে না নিলে কারখানার অন্য শ্রমিকরাও তাদের সমর্থন দেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে আসে এবং আরও কয়েকটি কারখানার শ্রমিকদের জড়ো করে আজমপুর এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

পরে বেলা ২টার দিকে শ্রমিকরা আবার কারখানায় গিয়ে হাজিরা দিয়ে যে যার মত চলে যায় বলে জানান সারোয়ার।

তিনি বলেন, বিক্ষোভের সময় ‘বড় কোনো গণ্ডগোল’ হয়নি। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ভার্সেটাইল অ্যাপারেল লিমিটেডের মালিকপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

এভাবে চললে ছাঁটাই ছাড়া উপায় থাকবে না: বিজিএমইএ সভাপতি  

রুবানা হকের ‘ছাঁটাই’-এ `শ্রমিক অসন্তোষের শঙ্কা’