ঢাকায় দুই মোটর বাইকের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু
ঢাকার মিন্টু রোডে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে রমনা থানার এসআই তোফাজ্জল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- মো. সামির আহমেদ (২১) ও ইউসুফ (১৯)। আহত হয়েছেন আলিফ (২০) নামে আরেক তরুণ।
সামির ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাসা কেরানীগঞ্জের কদমতলী এলাকায়।
ইউসুফ সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, তার বাসা সিদ্ধেশ্বরী লেনে।
আহত আলিফের বাসা মালিবাগে। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়েন।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন সামির। আরেকটিতে ছিলেন ইউসুফ ও আলিফ।
দুটি মোটর সাইকেলই দ্রুত গতিতে চলছিল বলে জানিয়েছেন এসআই তোফাজ্জল।
ওসি মনিরুল বলেন, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সামির ও ইউসুফকে মৃত ঘোষণা করেন।
আলিফ হাসপাতালে ভর্তি রয়েছেন।
