২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আত্মসাৎ: এক ইউনিয়নেই ৭ জনপ্রতিনিধি বরখাস্ত

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 08:06 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

স্থানীয় সরকার বিভাগ বুধবার এদের বরখাস্ত করে আলাদা আদেশ জারি করেছে।

এনিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ২১ জন চেয়ারম্যান, ৪২ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুইজন পৌর কাউন্সিলরসহ মোট ৬৬ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

Image
ইনামুল হাসান

ইনামুল হাসান

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আদায়, এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ইউনিয়ন পরিষদের করের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে গোপালপুর ইউনিয়ন পরিষদ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডের মো. ওবায়দুর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য মো. বাকিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম শেখ, ৫নং ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম, ৯নং ওয়ার্ডের সদস্য মো. অলিয়ার রহমান এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মোসা. স্বপ্না বেগমকে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎসহ ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়।

স্থানীয় প্রশাসনের তদন্তে এই সাত জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এরপর মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে তা ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে বলা করা হয়েছে।