৭০% তরুণের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ শুরু
দেশের ৭০ শতাংশ তরুণের আত্মকর্মসংস্থান নিশ্চিৎ করতে অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার জুম অনলাইন প্ল্যাটফর্মে আইসিটি বিভাগের অধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পলক বলেন, “করোনাভাইরাস পরবর্তী পৃথিবীতে আইটি ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । করোনাভাইরাসের কারণে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায়, তাদের জন্য অনলাইন ক্লাসই আমাদের ভবিষ্যৎ।
“বিরাজমান অবস্থায় অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য দূর হবে।”
প্রতিমন্ত্রী দাবি করেন, দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট এবং পেমেন্ট গেটওয়ে অবকাঠামো তৈরির ফলে এখন ঘরে বসেই দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে। তাই ফ্রিল্যান্সার প্রশিক্ষণের কার্যক্রম অনলাইনে শুরু করা সম্ভব হয়েছে।
লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় এসএসসি ও এইচএসসি পাশের পরও তরুণদের প্রশিক্ষণ প্রদান করে তাদের আত্মকর্মসংস্থান করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মোট ৩৯টি আইটি প্রতিষ্ঠানকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ১৫টি জেলায় ওয়েব, গ্রাফিক্স ও ডিজিটাল মার্কেটিংয়ের তিনটি কোর্সের ওপর এখন ২০০ ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক আখতার মামুন ছাড়াও প্রশিক্ষণ উপকরণ পরিকল্পনাকারী শফিউল আলম বক্তব্য দেন।
