করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ডিএমসি ফাঁড়ির পরিদর্শক
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া।
৫৫ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তাকে রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই বার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। এখন সুস্থ বোধ করছেন।
“২ মে প্রথম করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। ৪ তারিখ জানতে পারি আমার পরীক্ষার ফলাফল পজেটিভ।”
কিছুটা ঘাবড়ে গেলেও তার মনোবল শক্ত ছিল জানিয়ে বাচ্চু বলেন, “হাসপাতালে করোনা ইউনিটের ৬০৪ নম্বর কক্ষে ভর্তি ছিলাম। সিনিয়র স্যারেরা খোঁজ খবর নিয়েছেন এবং সুস্থ হয়েছি।”
করোনাভাইরাসে শনিবার পর্যন্ত ২ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩৬১ জন সুস্থ হলেও মারা গেছেন ৮ জন।
