২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাৎ: আরো তিন জনপ্রতিনিধি বরখাস্ত

করেনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকারি ত্রাণ এবং বিনামূল্যে বিতরণের চাল আত্মসাৎ করার অভিযোগে আরও তিনজন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 05:57 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্যকে বরখাস্ত করে মঙ্গলবার পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়ম এবং সরকারি চাল আত্মসাতের ঘটনায় ইউনিয়ন পরিষদের ২০ জন চেয়ারম্যান, ৩৩ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ মোট ৫৫ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া, রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকবর আলী এবং ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ ছাড়াও ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচির এবং মৎস্য ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগের ‘প্রমাণ’ পাওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।

কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে তাদের নোটিস দেওয়া হয়েছে।