করোনাভাইরাসে পুলিশের মৃত্যু বেড়ে ৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য; এ নিয়ে পুলিশ বাহিনীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল পাঁচজন।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী এসআই সুলতানুল আরেফিনের মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় সুলতানের মরদেহ ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সদরদপ্তর।
এর আগে পুলিশের এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনাভাইরাসে মানা যান।
পুলিশ সদরদপ্তর বলছে, দুই লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে এ পর্যন্ত ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ৩২৮ জন।
