২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে প্রাণ গেল আরও এক পুলিশের

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে মারা যাওয়া পুলিশের সংখ্যা বেড়ে চারজন হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 12:54 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

শুক্রবার সকাল ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান ৫৫ বছর বয়সী এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ এপ্রিল নাজিরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে।

“এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার আরও কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখতে হয়েছে।”

১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরায়। ঢাকায় তিনি থাকতেন রূপনগরে। তিনি দুই সন্তান রেখে গেছেন। তার এক মেয়ে চিকিৎসক, তার স্বামীও একজন চিকিৎসক।

এসবি প্রধান বলেন, “গতকাল রাতেও আমাদের একজন কর্মকর্তা নাজিরের সঙ্গে কথা বলেছেন। তখনও তার অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু সকালে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে যায়।”

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, শুক্রবার সকালেই রাজারবাগে জানাজা শেষে নাজিরের মরদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে।

এর আগে পুলিশের এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনাভাইরাসে মানা যান।

দুই লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে বুধবার পর্যন্ত ৪৭৫ জন আক্রান্ত হওয়ার তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কেবল ঢাকা মহানগরেই অন্তত ২৬৩ জন পুলিশ সদস্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন।