ঘরবন্দি জীবনে আরেক বিপত্তি- ‘ঘুম আসে না’
এতদিন কাজের চাপে ঘুমের ফুরসত মিলত না, এখন পুরো সময়টা ঘরে থাকায় ঘুমের জন্য অফুরন্ত সময় মিললেও চোখ থেকে ঘুম হয়েছে উধাও।
করোনাভাইরাস মহামারী ঠেকাতে অবরুদ্ধ অবস্থায় ঘরবন্দি মানুষদের অনেকেই বলেছেন ঘুমের সমস্যার কথা, যা ছন্দ হারানো জীবনের ক্ষণগুলো আরও ক্লান্তিকর করে তুলেছে।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নতুন করোনাভাইরাসের দেশে বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে লকডাউনে দেশ। এই সময়ে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন সবই রয়েছে বন্ধ।
ফলে অন্য সবার মতোই প্রাত্যহিক জীবনের তাল কেটে গেছে পুরান ঢাকার ফরিদাবাদ এলাকার বাসিন্দা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম নাহার সঞ্চিতার।
ক্লাস করতে বাইরে যাওয়া লাগে না তাই ঘরে পরিবারের সঙ্গেই সময় কাটছে তার। অনলাইনেই টিউশনির কাজটাও করছেন।
সঞ্চিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে বাসার বাইরে যেতাম, সারাদিন ক্লাস আর টিউশনি শেষে ক্লান্ত লাগত। তাই রাতে দ্রুতই ঘুমিয়ে পড়তাম। আগে যেখানে রাত একটা কিংবা সর্বোচ্চ দেড়টায় ঘুমিয়ে পড়তাম, এখন সেখানে ঘুম আসে না। ঘুমাতে ঘুমাতে ৪টাও বেজে যায়।
“রাতে দেরিতে ঘুমানোর কারণে সকালে উঠতে পারি না। আর এই জন্য অনেক সময় সকালের নাস্তা করা হয় না। একবারে দুপুরের খাবারের সময় হয়ে যায়।”
মহামারীর দিনে ঘরবন্দি জীবন। ছবি: আসিফ মাহমুদ অভি
একই সমস্যার কথা বলেন ওয়ারীর ব্যাংক কর্মকর্তা সফল বড়ুয়া। এখন সপ্তাহে একদিন, কখনওবা দুদিন অফিসের কাজে বের হতে হয় তাকে। বাকি দিনগুলোতে ঘরেই থাকেন তিনি।
সফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “যেহেতু সপ্তাহে পাঁচ কিংবা ছয়দিন বাসায় থাকতে হয়, এই সময়ে রাতে ঘুমাতে যাই দেরি করে। ফলে বিষয়টা একটা অভ্যাসে পরিনত হয়েছে।
“যেদিন অফিস থাকে, তার আগের রাতে চাইলেও দ্রুত ঘুমানো সম্ভব হয় না। তার জন্য দিনের বেলা খারাপ লাগে, অফিসের কাজে খানিকটা ব্যাঘাত ঘটে।”
রাতে দেরিতে ঘুমানোর ফলে সারাদিনের কাজগুলোর সময়েও অনেকটা পরিবর্তন এসেছে বলে জানান সফল।
“ঘুম থেকে উঠতে দুপুর হয়। এরপর রান্নাবান্না, খাওয়াদাওয়া, গোসল- কোনোটাই সময়মতো হয় না”।
মহামারী নতুন করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এক মাস আগে শুরু হয় অবরুদ্ধ অবস্থা। প্রথম দিকে কিছুটা শিথিল হলেও কোভিড ১৯ এর সংক্রমন বাড়তে থাকায় অবরুদ্ধ অবস্থা কঠোর করা হয়। অবাধ চলাচলে রশি টানা হয়।
পোস্তগোলার গৃহিনী জয়া বশিরও ভুগছেন ঘুমের সমস্যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিন ঘরের কাজ সেরে রাতে ঘুমাতে যাই। কিন্তু এই ভয়ংকর সময়ে কখন কার কী হয়, এই নিয়ে দুশ্চিন্তার কারণে ঠিকমতো ঘুমাতে পারি না।
“তাই তাহাজ্জুদের নামাজ পড়ে সবার জন্য দোয়া করি, ফজরের পর সবার সকালের নাস্তা তৈরি করে তারপর ঘুমাতে যাই।”
বিভিন্ন পরিবারের শিশুদের ঘুমের অভ্যাসেও পরিবর্তন এনে দিয়েছে করোনাভাইরাস সঙ্কট। শিশুদের আগে ঘুম পাড়াতে না পাড়া নিয়ে উদ্বিগ্নও অনেক অভিভাবক।
রোগ ঠেকাতে এই স্থবিরতার মেয়াদ বাড়তে বাড়তে মাসে গড়াচ্ছে; কতদিন এই অবস্থা চলবে, তা এখনও অনিশ্চিত।
ইউরোপের সবচেয়ে বিপর্যস্ত দেশ ইতালি লকডাউন শিথিল করেছে সাত সপ্তাহ পর; ফলে বাংলাদেশেও আরও কয়েক সপ্তাহ ঘরবন্দি দশা চলতে পারে বলে ইঙ্গিত মিলছে।
চাপ থেকে মুক্তি পেতে অনেকে ছাদে ওড়াচ্ছেন ঘুড়ি
সঙ্কটের এই সময়ে ঘুমের সমস্যা অস্বাভাবিক নয় মনোবিজ্ঞানীদের কাছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘুম আসলে কেন দরকার হয়? আমাদের শরীরের ভেতরে যে ক্ষয়গুলো হয়, সেটা পূরণ হয় ঘুমের সময়টায়। যদি আপনার এনার্জি বার্ন না হয়, তাহলে ঘুমের প্রয়োজন এমনিতেই কমে যায়।
“এখন মানুষ ঘরে বন্দি, বাইরে চলাফেরা নেই, স্বাভাবিক কাজকর্মও নেই। ফলে পরিশ্রমও নেই। তাই ঘুমের চাহিদা এমনিতেই কমে আসছে। তার সাথে যোগ হয়েছে নানা ধরনের অনিশ্চয়তা এবং উদ্বেগ। ফলে এগুলোও স্বাভাবিক ঘুমের বিঘ্ন ঘটাচ্ছে।”
পাশাপাশি অস্বাভাবিক সময়ে মানুষের খাদ্যাভ্যাসও ঘুম তাড়িয়ে দিয়েছে।
কামরুজ্জামান বলেন, “এখন যেহেতু মানুষের অনেক ফ্রি টাইম, দেখা যাচ্ছে এই সিচ্যুয়েশনটা কাটানোর জন্য অনেকে আনহেলদি কোপিংও ইউজ করছে। যেমন চা, সিগারেট খাওয়া বেড়ে যাচ্ছে। এইসব কারণে মূল ঘুমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।”
ঘুম ফিরিয়ে আনতে অস্বাস্থ্যকর অভ্যাসগুলো বাদ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। রুটিন করে প্রাত্যহিক কাজ সারার পরামর্শও দেন তিনি।
“আমরা বলি যে একটি হেলদি লাইফ স্টাইল মেইনটেইন করতে, একটি রুটিন মেইনটেইন করতে। সেটিও ঘুমের জন্য বেশ কার্যকরী।”
